ঢাকা, রবিবার ২২, নভেম্বর ২০২৬ ২:৪৬:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পুত্রসন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২১ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন। গত ১৯ নভেম্বর তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি জানিয়েছেন সামান্থা। নবজাতকের ছোট্ট হাত মা-বাবার হাতের মুঠোয় রাখা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর পুত্রসন্তান। দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’

গত জুনে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে অন্য তারকা দম্পতিদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেননি তারা। তেলেগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে বেবি বাম্প প্রদর্শনের মধ্য দিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

সন্তান জন্মের আগে সামান্থা ও রাজ নিজেদের বাড়িতে বিশেষ পূজার আয়োজন করেন। সেখানে পরিবারের বড়দের আশীর্বাদ নিতেও দেখা যায় তাদের।
২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে তাদের পরিচয়। পরে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজেও একসঙ্গে কাজ করেন তারা। সামান্থা ও রাজের প্রথম সন্তান আগমনের খবরে বিনোদনজগতের তারকা ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন।

সূত্র: এনডিটিভি