ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু
শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর। অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক ভাবে কমে যাওয়ায় শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এর আগে হাসপাতালের কেবিনে রেখে তাঁর চিকিৎসা চলছিল।
মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিকের বরাতে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তাঁর শারীরিক জটিলতা বেড়েছে। বর্তমানে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তিনি সচেতন থাকলেও শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।
চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছেন চিকিৎসকেরা। তাঁর শরীরে সেন্ট্রাল ভেনাস লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবার। বর্তমান হাসপাতালে চিকিৎসার খরচ বেশি হওয়ায় শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য কোনো হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল পরিবার।
ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে দেশের নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। নাট্যকার ও নির্মাতা হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। মধ্যবিত্ত জীবনের গল্প ও সামাজিক বাস্তবতা তাঁর নির্মাণে বিশেষভাবে উঠে এসেছে।
২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক।
