মিস ইউনিভার্সের মঞ্চে বাঙালি সাজে মাহি
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৮ পিএম, ২২ নভেম্বর ২০২৬ রবিবার
মিস ইউনিভার্সের মঞ্চে বাঙালি সাজে অভিনেত্রী সামিরা খান মাহি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ব্যতিক্রমী সাজে হাজির হয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বে লাল-সাদা শাড়ি ও বিশেষ শিল্পকর্মের মাধ্যমে মা, মাতৃত্ব এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর ৫টায় অনুষ্ঠিত জাতীয় পোশাক পর্বে অংশ নেন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল ‘মাদারহুড- আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। অর্থাৎ মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন।
মাহির পরনে ছিল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি লাল-সাদা শাড়ি। শাড়িটির নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। এতে এমব্রয়ডারি ও ব্লকপ্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় ফুল শাপলার নকশা। মঞ্চে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধার্থে ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে শাড়িটি তৈরি করা হয়েছে রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে।
তবে মাহির সাজের অন্যতম আকর্ষণ ছিল পিঠে বহন করা বৃত্তাকার শিল্পকর্ম। এতে একজন নারীর শৈশব, মাতৃত্বে উত্তরণ এবং বার্ধক্যে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। এর মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া মায়ের মমতা, ত্যাগ ও ভালোবাসার গল্প প্রকাশ পেয়েছে।
শিল্পকর্মটির নকশা ও নির্মাণের দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ মজুমদার ও তাঁর দল। বহনের সুবিধার্থে এটি নয়টি আলাদা অংশে তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কাঠ, ফোম, কাপড় ও শোলা।
শাড়ির সঙ্গে মাহির সাজে যুক্ত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী সোনালি অলংকার। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো বাঙালি মায়েদের প্রচলিত গয়না থেকে অনুপ্রেরণা নিয়ে এগুলোর নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির। নয়জন কারিগর সাত দিনে মোট ৮৮০ কর্মঘণ্টা ব্যয় করে গয়নাগুলো তৈরি করেছেন।
মাহির জাতীয় পোশাক ও সাজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। অল্প সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে তাঁর সহযোগিতার কথা জানিয়েছেন মাহি।
দেশীয় খাদি, শাপলার নকশা, ঐতিহ্যবাহী অলংকার ও মাতৃত্বের গল্পের সমন্বয়ে মাহির এই পরিবেশনা হয়ে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের বিশেষ উপস্থাপনা। এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সামনে মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার সর্বজনীন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।
