ঢাকা, বৃহস্পতিবার ২৬, নভেম্বর ২০২৬ ২১:২৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ বুধবার

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে মাহির আবেগঘন পোস্ট

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতায় নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মাহি। একই সঙ্গে প্রত্যাশা পূরণ করতে না পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। প্রতিযোগিতার পুরো যাত্রায় পাশে থাকা, ভালোবাসা, দোয়া ও ভোট দিয়ে সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় এসব কথা জানান মাহি।

দেশবাসীর উদ্দেশে দেওয়া বার্তায় সামিরা খান মাহি লেখেন, দেশবাসীর উদ্দেশে মাহি লেখেন, ‘আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’

প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে মাহি আরও লেখেন,‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

তবে শেষ পর্যন্ত দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি লেখেন,‘তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। I’m sorry if I couldn’t make you as proud as you hoped I would.’

জীবনের সব প্রচেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’

দেশবাসীর ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় মনে করেন এই প্রতিযোগী। তাঁর ভাষায়,‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

সবশেষে দেশের মানুষের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাহি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

এর আগে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ৩০ জনের তালিকায় জায়গা পাননি মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েজ ভোটে শীর্ষে ছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই থামল তার যাত্রা।