বিচ্ছেদ নিয়ে অশ্রুসজল হলেন নেহা কক্কর
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার
একের পর এক বলিউডি হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সঙ্গীত শিল্পী নেহা কক্কর। তবে শুধুই বলিউডি গানের জন্য বিখ্যাত নন তিনি, টিভি শোতেও সর্বদা লাইমলাইটে থাকার জন্যও তিনি সুপরিচিত। সনি টেলিভিশনের গানের রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল' এর দশম সিজনে বিচারকের ভূমিকায় রয়েছেন নেহা। নেহা তার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে নানান কথাই শেয়ার করেন এবং স্বাভাবিকভাবেই সেই বিষয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, নেহার বয়ফ্রেন্ড এবং 'ইয়ারিয়া' চলচ্চিত্রের অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে নেহার ব্রেকআপ বিষয়ে কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। নেহাকে অনেক বারই ইন্ডিয়ান আইডলের সেটে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখাও গিয়েছে।
এই শো’তেই তিনি নিজের ভালবাসার মানুষটিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সময়ের ব্যবধানে সেই শো’তেই ভেঙে পড়লেন তিনি।
নেহা কক্কর দীর্ঘ দিন প্রেম করছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরেছে। এখন দু’জনে আলাদা।
বিষয়টি জানিয়ে নেহা ইনস্টাগ্রামের নিজের অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি জানি, আমি একজন তারকা। কিন্তু আমিও তো একটা মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আর তাই আবেগটাকে ধরে রাখতে পারছি না। সেলিব্রিটিদের দুটো মুখ থাকে। একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। ব্যক্তিগত জীবন যতটাই ঘেঁটে যাক না কেন, কাজের জায়গায় মুখে সবসময়ই হাসিই দেখতে পাবেন।’
আঁখ মারে’র এই গায়িকা আরো লিখেছেন, ‘সবাই এখন এই নিয়ে কথা বলবেন। জানি না কে কী বলবেন? যেগুলো আমি কখনও করিনি সে সব নিয়ে এখন মানুষ চর্চা করবেন। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। সব কিছু শোনার আর সব কিছু সহ্য করার আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে।’
নেহা বর্তমানে ব্যক্তিগত জীবনে একটা খারাপ সময় পার করছে। গত ১৩ ডিসেম্বর রিয়েলিটি শো’য়ের শুটিংয়ের সময় ভেঙে পড়েন নেহা। এক প্রতিযোগীর আবেগঘন গানে নিজেই কেঁদে ফেলেন তিনি।
