বিজেপিতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী ইশা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
লোকসভা নির্বাচনের আগে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইশা কপিকার।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি মুম্বাইয়ে ভারতের কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গাদকরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী।
জানা যায়, বিজেপির হয়ে মহারাষ্ট্রের মহিলা পরিবহন শাখার প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন 'ফিজা' খ্যাত এ অভিনেত্রী। তবে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি ইশা কপিকারের।
আর মাসখানেক পরেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। লোকসভায় কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা যেতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে বিজেপির ক্ষেত্রে এবার বিভিন্ন কেন্দ্রে একাধিক সেলেব-প্রার্থীকে দেখা যেতে পারে। সেই তালিকায় অভিনেত্রী মাধুরী দীক্ষিত, মৌসুমী চট্টোপাধ্যায়সহ রয়েছেন মুম্বয়ের আরও একঝাক তারকা।
১৯৯৮ সালে তামিল সিনেমাতে অভিনয় করে সিনেমা জগতে আত্মপ্রকাশ ইশার। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক জনপ্রিয় তামিল সিনেমাতে নায়িকা হিসাবে ছিলেন ইশা। যা কিনা সুপার হিট। শুধু তামিল সিনেমাতেই নয়, বলিউডেও যথেষ্ট নাম রয়েছে তার। ২০০০ সালে বলিউডের জনপ্রিয় সিনেমা ফিজাতে অভিনয় করে বলিউডে খাতা খোলেন ইশা। এরপর, ডন, সালাম-ই-ইশক, ক্যায়া কুল হ্যা হামের মতো একাধিক সুপারহিট সিনেমাতে দেখা গিয়েছে ইশাকে।
-জেডসি
