ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘সা রে গা মা পা’ বিজয়ী ১৬ বছরের ইশিতা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

‘সা রে গা মা পা-২০১৮’ বিজয়ী ইশিতা বিশ্বকর্মা। ছবি : সংগৃহীত

‘সা রে গা মা পা-২০১৮’ বিজয়ী ইশিতা বিশ্বকর্মা। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান মিউজিক রিয়েলিটি শো সা রে গা মা পা ২০১৮ (হিন্দি ভার্ষণ) আসরে বিজয়ী হয়েছেন ইশিতা বিশ্বকর্মা। ১৬ বছরের এই কিশোরী হারিয়ে দিয়েছেন সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পন্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদের মত তরুন শিল্পীদের।  

রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ইশিতা বিশ্বকর্মা পেয়েছেন নগদ পাঁচ লাখ রুপি ও একটি নতুন ব্র্যান্ডের গাড়ি।

এ বিজয় সম্পর্কে ইশিতা বলেছেন, যখন তৃতীয় ও দ্বিতীয় রানারআপের নাম ঘোষণা করা হয়, তখন আমার নাম ছিল না। সর্বশেষ লড়াই হয় আমার ও সাহিল সোলাঙ্কির সঙ্গে। ওই সময় আমি শেষ আশাটুকু হারিয়ে ফেলেছিলাম।

তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, সাহিলই বিজয়ী হবেন। যখন আমার নাম ঘোষিত হয়, মনে হচ্ছিল এটা কৌতুক না তো! 

গ্র্যান্ড ফিনালেতে সংগীতশিল্পী জাভেদ আলির সঙ্গে ইশিতা একটি জনপ্রিয় গান গান। ইশিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

‘সা রে গা মা পা’র ২৭তম মৌসুমের তরুণতম প্রতিযোগী ইশিতা সবচেয়ে ভালো পারফর্ম করেন। এটাই তাঁর প্রথম রিয়েলিটি শো নয়, ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর ষষ্ঠ মৌসুমেরও প্রতিযোগী ছিলেন তিনি।

মজার ব্যাপার হলো, এই পর্বে ইশিতার মাও তাঁর সঙ্গে প্রতিযোগিতায় লড়েন। ইশিতার মা অবশ্য বেশিদূর এগোতে পারেননি, তবে ইশিতা চ্যাম্পিয়ন হলেন।

ছোট থেকেই ইশিতা বিশ্বকর্মা সমাজকর্ম করে আসছেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন তিনি। কঙ্গনা রানাউত ইশিতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনিই বিজয় মুকুট পরিয়ে দেন ইশিতাকে। কঙ্গনার কামনা, সমাজের মঙ্গলের জন্য কাজ চালিয়ে যাবেন ইশিতা।

এবারের মৌসুমের বিচারক ছিলেন ওয়াজিদ খান, শেখর রবজিয়ানি ও রিচা শর্মা। গত বছর অক্টোবরে এই শো শুরু হয়। সঞ্চালক ছিলেন আদিত্য নারায়ণ।