ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৫০:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আলাউদ্দিন আলীকে ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবরেণ্য এই সুরকারের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের কাছে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে আলাউদ্দীন আলীর স্ত্রী ফারজানা আলী মিমি ও তার ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যাকে গণভবনে ডেকে তাদের হাতে সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফারজানা আলী মিমি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ‘আলাউদ্দিন আলীর চিকিৎসার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। তার উন্নত চিকিৎসার জন্য ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন।’

ফারজানা মিমি জানান, বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলাউদ্দিন আলী। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

জানা গেছে, বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর পাশাপাশি সংগীতশিল্পী আকবর আলী গাজীর চিকিৎসার জন্যও ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বরেণ্য সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।