শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন অনিমেষ-ভাবনা!
বিনোদন প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মধ্যকার সম্পর্কের গুঞ্জনটি এবার তারা নিজ মুখেই স্বীকার করলেন। শুধু তাই নয়, খুব শিগগির বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন তারা। যদিও বরাবরই তারা এই সম্পর্ককে ‘বন্ধুত্ব’ নাম দিয়ে এসেছেন।
কোন লুকোছাপা না করে সহজ স্বীকারোক্তি দিলেন অনিমেষ ও ভাবনা। জানালেন, তারা গভীর ভালোবাসায় ডুবে আছেন। শুধু তাই-ই নয়, শিগগির বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছেন এই জুটি।
বিষয়টি নিয়ে নির্মাতা অনিমেষ আইচ বলেছেন, আমাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নিয়েছে। আমরা দুজনই দুজনকে ভালোবাসি। শিগগির বিয়েও করব। তবে সেই তারিখ এখনই জানাতে পারছি না।
অন্যদিকে ভাবনা জানালেন, তারা দুজন দুজনকে খুব ভালো বুঝতে পারেন। একে অপরের সঙ্গ পছন্দ করেন। ভালোবাসেন মনের ভেতর থেকে।
প্রসঙ্গত, অনিমেষ আইচ ও ভাবনার মধ্যকার পরিচয় হয় ২০১৩ সালে ‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে। ওই নাটকের জন্য পুরস্কার পান অনিমেষ। পুরস্কারের দিন রাতে অভিনন্দন জানানোর জন্য অনিমেষকে ফোন করেন ভাবনা। সেই থেকে তাদের গল্পের শুরু।
-জেডসি
