ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১৮:৩৮:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

ইউরোপের নারী অধিকার সনদ থেকে বেরিয়ে গেল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২১ মার্চ ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইউরোপের 'ইস্তাম্বুল সনদ' নামে পরিচিত নারী অধিকার সনদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। এরপরই তুরস্কের সমালোচনা করে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থাগুলো।

কাউন্সিল অব ইউরোপের সেক্রেটারি জেনারেল মারিয়া বুরিচ বলেছেন - আঙ্কারার এই সিদ্ধান্ত তুরস্কের ভেতর এবং বাইরে নারীদের সুরক্ষার পরিপন্থী। খবর বিবিসির

ইস্তাম্বুল সনদ নামে পরিচিত ইউরোপীয় এই চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশের বাধ্যবাধকতা রয়েছে যে- তাদেরকে বৈবাহিক সম্পর্কের ভেতরে ধর্ষণ এবং মেয়েদের খৎনা রোধসহ নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আইন তৈরি করতে হবে। এতে পারিবারিক সহিংসতা রোধ ও তার বিচারের কথাও আছে।

তুরস্কের রক্ষণশীলরা বলছেন, এই সনদে যে নারী-পুরুষের সাম্যের কথা বলা হয়েছে- তাতে পরিবারকে হেয় করা হয়েছে। তাছাড়া এতে যৌন-অভিরুচির জন্য কারো বিরুদ্ধে বৈষম্য না করার কথা আছে- যা সমকামিতাকে উৎসাহিত করে।

তুরস্কের পরিবার বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুট তুরস্কের ওই সনদ থেকে বেরিয়ে যাবার কোন কারণ দেখাননি, তবে বলেছেন, তার দেশের সংবিধানে নারীর অধিকার সংরক্ষিত রয়েছে।

তুরস্কের ইস্তাম্বুল সনদ ত্যাগের বিরুদ্ধে ওই শহরের নারীরা বিক্ষোভ করেছেন। দেশটির বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির একজন নেতা গোকচে গোকচেন টুইটবার্তায় বলেন, সনদটি ত্যাগ করার অর্থ হলো তুরস্কে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা এবং তাদের হত্যার শিকার হতে দেয়া।

তুরস্কের একটি সংগঠনের হিসেব মতে গত বছর সেখানে কমপক্ষে ৩০০ নারী হত্যার শিকার হয়েছেন এবং আরো বেশি নারীকে সন্দেহজনক অবস্থায় মৃত পাওয়া গেছে।

আঙ্কারায় ২০১৮ সালে সুলে সেত নামে এক তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। আক্রমণকারীরা তাকে এক বহুতল অফিস ভবনে ধর্ষণের পর জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়- যাতে তা আত্মহত্যা মনে হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান প্রায় দু-দশক ধরে ক্ষমতায় রয়েছেন এবং তার সমালোচকরা তার বিরুদ্ধে দেশটির ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যহানি এবং সামাজিক রক্ষণশীলতা প্রসারের অভিযোগ এনে থাকেন।

-জেডসি