ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১২:৩৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লিওনেল মেসি শুক্রবার স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ গ্রহণ করেছেন। উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানোর কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৯ বছর। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ বলে প্রশংসা করে। তার সামাজিক কাজেরও প্রশংসা করা হয়।

অনুষ্ঠানটি হয়েছে স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে। মেসি যখন পৌঁছান, তখন বাজছিল ব্যাগপাইপ আর ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক তাকে দেখে উল্লাস করেন। তারা বারবার মেসির নাম ধরে স্লোগান দেন।

পুরস্কারটি তুলে দেন রাজকন্যা লিওনর। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী তিনি। তার নামেই এই পুরস্কার। মেসির হাতে তিনি একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দেন।

মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করে লিওনর বলেন, ‘তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্নাংশে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।’

মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। জিতেছেন একটি বিশ্বকাপ। ক্লাব পর্যায়েও তার ট্রফি কয়েক ডজন। বার্সেলোনায় তিনি কাটিয়েছেন ২১ বছর। জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগও।

২০২১ সালে বার্সা ছেড়ে তিনি যান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইঁতে। সেখানে ছিলেন দুই বছর। এখন খেলছেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে।

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ তারই। এ মাসের শুরুতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন। বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শুরু হয় ১৯৮১ সালে। স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে এটিই সবচেয়ে মর্যাদাবান পুরস্কার। একে অনেক সময় স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও আখ্যা দেওয়া হয়। এই পুরষ্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরোর (প্রায় ৭০ লাখ টাকা) পুরস্কার অর্থ। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতিবছর এটি দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।

শুক্রবার আরও কয়েকজন পুরস্কার নিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক তারকা প্যাটি স্মিথ।

ক্রীড়া বিভাগে আগে পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। পেয়েছেন ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে ও যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।