ঢাকা, রবিবার ০৬, সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫০:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড দেশের বাজারে কমল সোনার দাম ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীসহ ৩ জনের প্রাণহানী

গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নারী সাংবাদিকদের কর্মদক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-এর (বিএনএসকে) সভাপতি বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনু। 

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

'গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ' শীর্ষক এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনএসকে-এর সভাপতি নাসিমুন আরা হক মিনু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নারী সাংবাদিকরা আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। একজন নারী সাংবাদিককে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজসহ বহু বাধা পেরিয়ে এগিয়ে যেতে হয়। প্রতিটি বাধা থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেই অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে নারী সাংবাদিকদের সামনে এগিয়ে যেতে হবে।' 

তিনি আরও বলেন, 'যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব দুর্যোগ মোকাবিলা করা সহজ হবে।'

 এসময় যুক্তরাষ্ট্রের বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও প্রবীণ নারী সাংবাদিক গ্লোরিয়া স্টাইনেমের (৯২) মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন। শোক প্রস্তাবে তার নারী আন্দোলনের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

সভায় উইমেন জার্নালিস্টস নেটওয়ার্ক, বাংলাদেশ (ডাব্লিউজেএনবি)-এর সমন্বয়কারী এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শেখার আগ্রহ ও মেধা ধরে রাখার ওপর জোর দেন। প্রতিকূলতার মুখে পড়া সাংবাদিকদের সহায়তায় একটি সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির আহ্বান জানান। 

সভায় দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রুনা আনসারী বলেন, 'সাহস ও দৃঢ়তা নিয়ে যারা প্রতিকূলতা মোকাবিলা করতে পারেন, তাদেরই এই পেশায় আসা উচিত।' দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সিনিয়র সাংবাদিক লায়লী বেগম জানান, কুড়িগ্রামে ইট চুরির প্রতিবেদনসহ নানা অনুসন্ধানী কাজে তাকে বাধার মুখে পড়তে হয়েছে। 

 ইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক শাকেরা আরজু শিমু বলেন, 'সরকার বা পরিস্থিতির পরিবর্তন যাই হোক না কেন, সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার জায়গা ঠিক রেখে কাজ করে যেতে হবে।'

সভায় বক্তারা কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ, মাতৃত্বকালীন ছুটিসহ নারী সাংবাদিকদের মৌলিক কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার এবং নারী সাংবাদিকদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সংরক্ষণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র ও তরুণ নারী সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। 

সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খান, কার্যনির্বাহী সদস্য অদিতি রহমান, সিনিয়র সদস্য আইরীন নিয়াজী মান্না, উম্মুল ওয়ারা সুইটি, রীতা ভৌমিক, বনশ্রী ডলি, সেবিকা দেবনাথ প্রমুখ।