ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:৩০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছেড়েছে ইরান ফুটবল দল। ম্যাচ শেষে মার্কিন কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত দেশ ছাড়ার আগে রেখে যাওয়া ওই বার্তাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। চিঠিতে নিজেদের ঐতিহ্য, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বশান্তির আহ্বান তুলে ধরেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। সেখানে লেখা ছিল, ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান পর্যন্ত আমাদের চেতনা জীবন্ত ও অটুট রয়েছে।’

চিঠিতে লস অ্যাঞ্জেলেসের মানুষ ও ভেন্যু কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, ‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা গর্ব নিয়ে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়েছি এবং মর্যাদা নিয়েই বিদায় নিচ্ছি।’

এছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান দল। বার্তায় বলা হয়েছে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা হৃদয়ের গভীরতা ও প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন করেছেন। বিশ্বের সব দেশের মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।’

চিঠিতে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটি উল্লেখ করা হয়। এর মাধ্যমে সম্প্রতি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত শিশুদের স্মরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় প্রায় ১৭০ শিশুর প্রাণহানির খবর প্রকাশিত হয়েছিল।

বিশ্বকাপ শুরুর আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছিল। সে কারণে যুক্তরাষ্ট্রে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তিও জানিয়েছিল তেহরান। শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিলেও নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ইরান তাদের বেসক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায়।

বিশ্বকাপে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলেও প্রতিটি ম্যাচের আগে তারা সংশ্লিষ্ট শহরে পৌঁছায় এবং খেলা শেষ হওয়ার পরপরই আবার যুক্তরাষ্ট্র ত্যাগ করে। এই ব্যতিক্রমী ব্যবস্থা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচজুড়ে ইউরোপীয় দলটি আধিপত্য বিস্তার করলেও অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে একের পর এক আক্রমণ প্রতিহত করেন। তার দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে অপরাজিত থেকে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ইরান। এক পর্যায়ে তারা গ্রুপের শীর্ষেও উঠে গিয়েছিল। তবে পরে মিসর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারালে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক উত্তেজনা ও কঠোর ভ্রমণসূচির মধ্যেও মাঠে ইরানের লড়াকু মানসিকতা এবং মাঠের বাইরে তাদের রেখে যাওয়া শান্তির বার্তা এবারের বিশ্বকাপে দলটিকে অন্য এক পরিচিতি এনে দিয়েছে।