ঢাকা, বুধবার ১৪, অক্টোবর ২০২৬ ৫:৩০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার মিষ্টির শূন্য আসনে চোখ তাদের, কাকে বেছে নেবে বিএনপি? সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত আজারবাইজানে স্কুলে হিজাব নিষিদ্ধ, ক্ষোভ মুসলিমদের ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা

জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা

জিম্বাবুয়ের সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সারাহ ডামবানেভানা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। সোমবার (১২ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। খবর জিও সুপারের। 

দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত মার্চ থেকে চিকিৎসা চলছিল ডামবানেভানার। এর পর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ডামবানেভানা। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক ক্রিকেটার।

ডানহাতি পেসার হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন ডামবানেভানা। ২০১১ সালের নারী বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেছিলেন তিনি। পরবর্তী সময়ে আম্পায়ারিংয়ে যুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এই সাবেক ক্রিকেটার।

২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা পান ডামবানেভানা। পরের বছর শুরু হয় তার আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং ক্যারিয়ার। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করে ইতিহাস গড়েছিলেন ডামবানেভানা। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও ইংল্যান্ডের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের কোনো ফাইনালে দায়িত্ব পালন করা প্রথম জিম্বাবুইয়ান হিসেবে পরিচিতি পান ডামবানেভানা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি। এক বিবৃতিতে তিনি বলেন, খেলোয়াড় ও আম্পায়ার; দুই ভূমিকাতেই দেশের জন্য গৌরব বয়ে এনেছেন সারাহ। আন্তর্জাতিক পর্যায়ে তার দক্ষতা ও সাফল্য জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য ছিল গর্বের।

সারাহর মৃত্যু জিম্বাবুয়ের ক্রিকেট পরিবারে গভীর শূন্যতা তৈরি করেছে উল্লেখ করে মুকুহলানি বলেন, তার রেখে যাওয়া দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার ও আম্পায়ারদের অনুপ্রাণিত করবে।