ঢাকা, শনিবার ১৯, সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফিজিতে প্রতি ৫০ জন গর্ভবতী নারীর একজন এইচআইভিতে আক্রান্ত গ্রিন কার্ড পেতে নতুন নিয়ম জানালো ট্রাম্প প্রশাসন দেশের বাজারে সোনার দাম বাড়ল প্রথমবার জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ করলেন ট্রাম্প সুনামগঞ্জে বাবার হাতে বিষপানে ৩ শিশুর প্রাণহানী পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর

তুলির রঙে এবার নতুন ঠিকানা—নিপুস ক্রিয়েশন

রাতুল মাঝি | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

চিত্রশিল্পী নাহিদ নিয়াজী মান্না নিপু।

চিত্রশিল্পী নাহিদ নিয়াজী মান্না নিপু।

একজন চিত্রশিল্পী যখন ক্যানভাসের বাইরে নিজের সৃজনশীলতাকে ছড়িয়ে দিতে চান, তখন শিল্প শুধু ছবির ফ্রেমে আটকে থাকে না। রং, রেখা, নকশা আর সৌন্দর্যের সঙ্গে মিশে যায় পোশাক, মাটির পাত্র, ঘর সাজানোর নানা উপকরণ। এমনই এক নতুন স্বপ্ন নিয়ে খুব শিগগিরই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চিত্রশিল্পী নাহিদ নিয়াজী মান্না নিপু। নিপু নামেই তিনি সবার কাছে বেশি পরিচিত। তার নতুন ফ্যাশন ও লাইফস্টাইল হাউজ ‘নিপু’স ক্রিয়েশন’ (Nipu`s Creation)  হতে যাচ্ছে শিল্প ও নান্দনিকতার এক নতুন ঠিকানা।

চিত্রশিল্পী হিসেবে নিপুর নিজস্ব একটি সৃষ্টিশীল জগৎ রয়েছে। এতদিন তার তুলিতে ফুটে উঠেছে নানা রং, অনুভূতি ও জীবনের গল্প। এবার সেই শিল্পভাবনাকেই তিনি নিয়ে আসছেন মানুষের দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি। পোশাক থেকে পটারি, পেইন্টিং থেকে নানা ধরনের শোপিস—সবকিছুর মধ্যেই থাকবে তার নিজস্ব নকশা ও শিল্পবোধের ছাপ।

‘নিপু’স ক্রিয়েশন’ নিয়ে নিপুর ভাবনাটাও তাই একটু আলাদা। এটি শুধু একটি ফ্যাশন হাউজ নয়; বরং তার কাছে এটি শিল্পকে জীবনের সঙ্গে মিলিয়ে দেওয়ার একটি প্রয়াস।

নাহিদ নিয়াজী মান্না নিপু বলেন, “আমি সবসময়ই মনে করি শিল্প শুধু দেয়ালে টাঙিয়ে রাখার বিষয় নয়। শিল্প আমাদের পোশাকে থাকতে পারে, ঘরের সাজে থাকতে পারে, প্রতিদিনের ব্যবহার্য জিনিসেও থাকতে পারে। সেই ভাবনা থেকেই নিপুস ক্রিয়েশনের যাত্রা শুরু করতে চাই।”

নতুন এই উদ্যোগে থাকবে তার নিজের ডিজাইন করা নানা ধরনের পোশাক। সময় ও রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকে থাকবে নান্দনিক নকশা ও শিল্পের ছোঁয়া। একই সঙ্গে যারা ঘর সাজাতে ভালোবাসেন, তাদের জন্য থাকবে পটারি, পেইন্টিং ও বিভিন্ন ধরনের শোপিস।

নিপু আরও বলেন, “আমি চাই, নিপুস ক্রিয়েশনের প্রতিটি পণ্যের মধ্যে আমার নিজের একটা পরিচয় থাকুক। শুধু বাজারে প্রচলিত কিছু তৈরি করে দেওয়ার চেয়ে আমি নিজের ভাবনা, নিজের নকশা এবং নিজের শিল্পীসত্তাকে এখানে রাখতে চাই। একজন মানুষ যখন এখান থেকে কোনো পোশাক বা ঘর সাজানোর একটি সামগ্রী কিনবেন, তখন যেন মনে হয়—এটার মধ্যে আলাদা একটা গল্প আছে।”

একজন শিল্পীর উদ্যোক্তা হয়ে ওঠার পথ অবশ্য একেবারে সহজ নয়। ছবি আঁকার সঙ্গে ব্যবসার নানা দিক সামলানোর মধ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। কিন্তু নিপুর কাছে এই নতুন যাত্রা চ্যালেঞ্জের পাশাপাশি আনন্দেরও।

“শিল্পী হিসেবে এতদিন আমি নিজের মতো করে ছবি এঁকেছি। এখন উদ্যোক্তা হিসেবে মানুষের পছন্দ, প্রয়োজন ও রুচির বিষয়টিও মাথায় রাখতে হবে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তবে নতুন কিছু শেখার ব্যাপারে আমি সবসময়ই আগ্রহী। তাই এই চ্যালেঞ্জটাকে আমি আনন্দের সঙ্গেই নিচ্ছি,” বলেন তিনি।

নিপুর কাছে পোশাকও একটি ক্যানভাস। একটি পোশাকের রং, কাপড়, নকশা কিংবা ছোট্ট কোনো নকশিকাজও মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে। একইভাবে মাটির তৈরি একটি পাত্র কিংবা ঘরের কোণে রাখা একটি শোপিসও একটি বাড়ির সৌন্দর্য বদলে দিতে পারে। সেই সৌন্দর্যবোধ থেকেই ‘নিপুস ক্রিয়েশন’-এর পণ্য নির্বাচনের পরিকল্পনা করছেন তিনি।

তিনি বলেন, “আমি চাই, আমাদের পোশাকগুলো যেমন সুন্দর ও পরার উপযোগী হবে, তেমনি পটারি, পেইন্টিং বা শোপিসগুলোও যেন মানুষের ঘরে সৌন্দর্য তৈরি করে। সবকিছুর মধ্যে একটা শিল্পীসুলভ ছোঁয়া থাকবে— এটাই আমার মূল ভাবনা।”

নিপু‘স ক্রিয়েশনের আরেকটি বিশেষ দিক হতে পারে এর নিজস্বতা। একই ধরনের নকশা বা পণ্য তৈরির বদলে নিপু নিজের সৃজনশীল ভাবনাকে প্রাধান্য দিতে চান। ফলে ক্রেতারা শুধু একটি পণ্য কিনবেন না, বরং একজন শিল্পীর সৃষ্টিশীলতার অংশও সঙ্গে করে নিয়ে যাবেন—এমনটাই তার প্রত্যাশা।

উদ্যোক্তা হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী নিপু। শুরুতে পোশাক, পটারি, পেইন্টিং ও শোপিস দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সৃষ্টির পরিসর আরও বড় করতে চান তিনি।

“নিপু‘স ক্রিয়েশনকে আমি ধীরে ধীরে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিল্প, পোশাক ও জীবনযাপনের সৌন্দর্য একসঙ্গে পাওয়া যাবে। ভবিষ্যতে আরও অনেক নতুন কিছু করার ইচ্ছা আছে। তবে শুরুটা করতে চাই নিজের ডিজাইন আর নিজের সৃষ্টিশীলতা দিয়ে,” বলেন তিনি।

একজন চিত্রশিল্পীর হাতে যখন ব্যবসার স্বপ্ন জন্ম নেয়, তখন সেটি নিছক ব্যবসা হয়ে থাকে না—তার সঙ্গে মিশে থাকে রং, সৌন্দর্য, অনুভূতি ও ভালোবাসা। ‘নিপু‘স ক্রিয়েশন’-এর গল্পটিও যেন তেমনই। ক্যানভাস থেকে জীবনের নানা অনুষঙ্গে ছড়িয়ে পড়তে যাচ্ছে নাহিদের শিল্পীসত্তা।

শিগগিরই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। আর সেই নতুন যাত্রায় তার তুলির রং এবার শুধু ছবিতে নয়—ছড়িয়ে পড়বে পোশাকে, মাটির পাত্রে, ঘরের সাজে এবং মানুষের জীবনযাপনের নানা অনুষঙ্গে।

নিপু‘স ক্রিয়েশন— একজন শিল্পীর তুলিতে গড়ে ওঠা নতুন স্বপ্নের নাম।