ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ২২:০২:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত

দেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত

দেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। নতুন তিনজন রোগীর মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু।

নতুনভাবে আক্রান্তরা দ্বিতীয় দফায় শনাক্ত হওয়া দুজনের মধ্যে এক জনের পরিবারের সদস্য। ওই দুজনেই সম্প্রতি বিদেশ থেকে বাংলাদেশে এসেছিলেন।

আজ সোমবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের লক্ষণ-উপসর্গ মৃদু। তাদের শারীরিক অবস্থা ভাল। কিন্তু তাদের কাছ থেকে যাতে অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে না পড়ে তা ঠেকাতে তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে মোট আটজনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ব্রিফিংয়ে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট পাঁচজন রোগী হাসপাতলে আছে।’

সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে তিনজনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হাসপাতালে আইসোলেশন আছে। তবে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেনটাইনে আছেন চারজন।’

দেশে ফিরে আসা এক প্রবাসীর মাধ্যমে নতুন তিনজন আক্রান্ত হয়েছেন বলেও জানান সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘এ পর্যন্ত দেশে আটজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশ ফেরত ব্যক্তিরা কোয়ারেনটাইনের নিয়ম না মানলে তাদের জরিমানা করা হবে বলেও ব্রিফিংয়ে জানান প্রতিষ্ঠানের পরিচালক। এ সময় কোয়ারেনটাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

জানা গেছে, করোনা আক্রান্ত আটজনের মধ্যে দুইজন নারী।