ঢাকা, শনিবার ২৯, আগস্ট ২০২৬ ১৪:৩৬:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু জামালপুরে বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সিপিডিতে সম্মানীয় ফেলোর দায়িত্ব নিচ্ছেন ড. ফাহমিদা খাতুন দেশের বাজারে সোনার দামে বড় পতন ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান নেপাল-চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০

সিপিডিতে সম্মানীয় ফেলোর দায়িত্ব নিচ্ছেন ড. ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ সাড়ে নয় বছর সফল দায়িত্বকাল সম্পন্ন করা ড. ফাহমিদা খাতুন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিপিডির ৬৮তম বোর্ডের সভায় ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদিত হয়।

ড. ফাহমিদা ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তখন থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে তার নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়।

অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা এবং অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যা বহু গুনে উন্নীত হয়। ধারাবাহিকভাবে সম্পদ আহরণ, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তার সময়ে তিনি সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ বৃদ্ধি এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বাড়াতে নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. ফাহমিদা খাতুন সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়নে নেতৃত্ব দেন। এছাড়া তিনি কর্মীদের পেশাগত উন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন ও প্রাতিষ্ঠানিক সুশাসনকে শক্তিশালী করেন। ফলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

সিপিডিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনে ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন।


তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কয়েকটি গবেষণা ও নীতি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ড. ফাহমিদা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন। তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য, স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর ইত্যাদি বিষয়।

ড. ফাহমিদা খাতুন দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তিনি জাতিসংঘ মহাসচিবের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য। তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামো বিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য। তিনি ব্র্যাক ও বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদেরও সদস্য।