ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২৩:০১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

আফগান মেয়েদের স্কুলে যেতে দিন: মালালা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই তালেবানের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আফগান মেয়েরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় যাওয়ার পর তালেবানরা কেবল ছেলেদের (মাধ্যমিক) স্কুলে যেতে নির্দেশনা দিয়েছে।

শিশু অধিকার কর্মী মালালা ও বেশ কয়েকজন আফগান নারী অধিকার কর্মীর একটি চিঠি রোববার প্রকাশিত হয়। চিঠিতে তারা বলেন, ‘তালেবান কর্তৃপক্ষকে বলছি, মেয়েদের শিক্ষার ওপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিন এবং অতি দ্রুত মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় খুলে দিন।’

মালালা বিশ্বের মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেনো এটা তালেবানের কাছে পরিষ্কার করেন যে, ‘ধর্ম নারীদের স্কুলে যাওয়ার পথে কোনো বাধা নয়।’ চিঠিতে তারা লিখেছেন, ‘আফগানিস্তান এখন বিশ্বের একমাত্র দেশ যারা নারীদের শিক্ষার পর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

চিঠিতে আফগান শিশুদের শিক্ষার জন্য একটি তহবিল গঠন করতে জি২০ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ওই চিঠির সঙ্গে স্বাক্ষর যুক্ত করা হয়েছে। ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ এতে সই করেন।

এর আগে রোববার তালেবান সরকার জানিয়েছে, আফগান মেয়েরা খুব শিগগিরই বিদ্যালয়ে ফিরবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খুব শিগগিরই মাধ্যমিক বিদ্যালয়ে ফিরতে মেয়েদের অনুমতি দেয়া হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খোস্তির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

সাঈদ খোস্তি বলেন, কবে থেকে মেয়েরা বিদ্যালয়ে ফিরবে, তার দিনক্ষণ ঘোষণা করবে আফগান শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, ‘আমার জানা ও তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পুনরায় খুলে দেয়া হবে এবং সব নারী ও মেয়েরা বিদ্যালয়ে ফিরতে পারবেন; শিক্ষকরাও ফিরতে পারবেন।’

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত ২৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এর পরপরই মেয়ে শিক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়।