ঢাকা, সোমবার ১০, আগস্ট ২০২৬ ২৩:৩১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড, পিছিয়ে ময়মনসিংহ এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি পাসের হার ও জিপিএ-৫ এ এবারও এগিয়ে মেয়েরা আজ বিশ্ব সিংহ দিবস দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ এসএসসি-সমমানের ফল প্রকাশ,পাসের হার ৬২.২৫

আফজাল-মিমিকে নিয়ে পর্দায় আসছে ‘রঙিন সুরমা’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ১০ আগস্ট ২০২৬ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রঙ শুধু সৌন্দর্যের বিষয় নয়, মানুষের অনুভূতি ও জীবনের নানা অধ্যায়েরও প্রতীক। আনন্দ, দুঃখ, ভালোবাসা কিংবা ভয়—প্রতিটি অনুভূতির সঙ্গেই যেন মিশে আছে আলাদা রং। এবার সত্য-মিথ্যার বৈপরীত্য ও দুই মানুষের জীবনের সংকটের গল্প নিয়ে পর্দায় আসছে ‘রঙিন সুরমা’।

রিয়াজুল হক ইমরানের পরিচালনায় নির্মিত সীমিত দৈর্ঘ্যের এই কনটেন্টে কেন্দ্রীয় দুই চরিত্র মুন্তাসির ও শাহিদা। চরিত্র দুটিতে অভিনয় করেছেন দেশের গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি।

‘রঙিন সুরমা’র গল্পে মুন্তাসির ও শাহিদার জীবন যেন সুরমার মতো—বাইরে ধূসর, অথচ ভেতরে লুকিয়ে আছে নানা রং। তাদের সম্পর্ক, সংকট ও জীবনের না-বলা অনুভূতিই গল্পের মূল উপজীব্য।

কনটেন্টটি নিয়ে আফজাল হোসেন বলেন, ‘দুজন মানুষ ও একটা সংকট নিয়ে গল্প। তারা বয়স্ক মানুষ। আজকাল মানুষের মন মাতানোর জন্য গরমা গরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শির শির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়।’

তিনি আরও বলেন, ‘সেটা ভেবেই আগ্রহ নিয়ে অভিনয় করা। গল্পের আবেগ আশাকরি দর্শকের আবেগ স্পর্শ করতে পারবে।’

এদিকে স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই ‘রঙিন সুরমা’ নিয়ে আগ্রহ তৈরি হয় আফসানা মিমির। এমনকি গল্পটি পড়া শেষ করেছিলেন চোখে জল নিয়ে।

অভিনেত্রী বলেন, ‘ইমরান (নির্মাতা) যখন স্ক্রিপ্ট পাঠালেন প্রথমেই নামটা দৃষ্টি কেড়েছিল– ’রঙিন সুরমা’। স্বাভাবিক আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম- শেষ করেছি চোখে জল নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর কাজটা হলো। এখন দেখার অপেক্ষা।’

আফজাল হোসেনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও মুগ্ধ আফসানা মিমি। তাঁর ভাষ্যে, ‘আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই খুব আনন্দের। যাকে পর্দায় দেখে ভালবেসেছি। তাঁর সঙ্গে কাজ করতে যাই যখন, তখন ভীষণ রোমাঞ্চিত হই। প্রতিবার মনে হয় আহা কী সৌভাগ্যবান আমি! আফজাল হোসেনের সঙ্গে কাজ করছি! আর আফজাল ভাই সবকিছু এতো সহজ করে দেন, বন্ধুর মতো।’

সবশেষে অপেক্ষার পালা দর্শকদের। আগামী ১২ আগস্ট রাত ১২টায়, অর্থাৎ ১৩ আগস্ট দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘রঙিন সুরমা’।