ঢাকা, বৃহস্পতিবার ২৪, সেপ্টেম্বর ২০২৬ ৪:৫০:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবস আজ ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল হামে একদিনে প্রাণ গেল ১১ শিশুর এশিয়ান গেমসে টানা তৃতীয় পরাজয় বাংলাদেশের নারী হকি দলের মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি নজরুল ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল সদর থানাধীন আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, প্যাডেল সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে ভাসানি রোডে টাঙ্গাইল শিক্ষাদীক্ষা একাডেমির সামনে এক অজ্ঞাতনামা ভবঘুরে ও ভাসমান নারীকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অভিযুক্তকে শনাক্তে কাজ শুরু করে সদর থানা পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। পরে মঙ্গলবার ভোরে আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা করা হয়েছে।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিক সিসি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।