ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৮:২৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দেশজুড়ে সড়কে প্রাণ হারালো ১৭ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ময়মনসিংহ ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার ভোর ৬টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস (ঢাকা মেট্ট্রো চ-১৯-৫১৬১) মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খাওয়ার ঘটনায় ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। তবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন। আহত পাঁচ ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি ধুমড়ে মুছড়ে যায়।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসের আরোহীরা সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত করতে যাচ্ছিলেন। কান্দিগাঁও এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে ৬ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের ৪ আরোহী।

শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভাটি কালিসীমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা নারায়ণগঞ্জ থেকে মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট যাচ্ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, মাইক্রোবাসে করে ১০ জন নারায়ণগঞ্জ থেকে সিলেট মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়া লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেহেরাবাড়ী এলাকায় মাছের দুই পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মাছের একটি পিকআপ ভালুকা মেহেরাবাড়ী এলাকায় লাবিব ফ্যাশনের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মাছ ভর্তি পিকআপ পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এই দুর্ঘটনায় আরও তিনজনকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্মকর্তা চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সাভারে ট্রাকচাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকাশ আহমেদ। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালেকের ছেলে এবং নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত  ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে আকাশ আহমেদ নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে  দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হেল বাকী বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-জেডসি