ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ৫:৩৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বাসা ভাড়া নেওয়ার নামে চুরি, চক্রের ৩ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভাড়া নেওয়ার কথা বলে বাসা বাড়িতে ঢুকে মুঠোফোন হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)। গত ২৫ সেপ্টেম্বর শাহজাহানপুরে ফ্ল্যাট ভাড়া নিতে গেলে পুলিশ তিশা ও ঈশাকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে চক্রের আরেক সদস্য জেসমিনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার রাতে বলেন, গত ৬ সেপ্টেম্বর তিশা ও ঈশা ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢোকেন। এ সময় তারা কৌশলে ওই বাসা থেকে তিনটি দামি মুঠোফোন চুরি করে নিয়ে যান। এ ব্যাপারে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা করা হয়। এর ১৩ দিন পর ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা থেকে একই কায়দায় আরও একটি দামি মুঠোফোন চুরি করে নিয়ে যান। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় আরেকটি মামলা করা হয়। গত ২৫ সেপ্টেম্বর শাহজাহানপুরে একটি ফ্ল্যাটে একই কায়দায় মুঠোফোন চুরি করতে গিয়ে তিশা ও ঈশা আটক হন।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান বলেন, আটক তিশা ও ঈশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তাদের ধানমন্ডি থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তারা তাদের চক্রে জেসমিনের জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ৭ অক্টোবর রাতে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন নারী ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একই কায়দায় মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন।