ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪

মুক্তিযোদ্ধা রমা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৩ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

একাত্তরের জননী খ্যাত মুক্তিযোদ্ধা-সাহিত্যিক রমা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রমা চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মরণানুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল ৫টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রমা চৌধুরীর আবক্ষ প্রতিকৃতি ভাস্কর্য উন্মোচন ও শ্রদ্ধা নিবেদন, শোক সঙ্গীত, রমা চৌধুরীর লেখা গান পরিবেশনা, রমা চৌধুরীর কবিতা থেকে পাঠ, স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা ও একাত্তরের জননী থেকে পাঠ এবং রমা চৌধুরীর জীবনভিত্তিক চলচ্চিত্র জঠরলীনা প্রদর্শন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল ৯টায় রমা চৌধুরীর সমাধি বোয়ালখালীর পোপাদিয়ায় শ্রদ্ধার্ঘ নিবেদন, দ্বিপ্রহরে কৈবল্যধামে ঠাকুরভোগ। অনুষ্ঠানে রমা চৌধুরীর ভক্ত-অনুরাগী, শুভাকাক্সক্ষী-শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন রমা চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদের সমন্বয়কারী আলাউদ্দিন খোকন।

১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার সাহিত্যিক রমা চৌধুরী যুদ্ধের লেলিহান শিখায় দুই সন্তানও হারান। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করা রমা চৌধুরী সারা জীবন এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে গেছেন।

সেই লড়াই সংগ্রামের অস্ত্র হিসেবে তিনি হাতে নিয়েছিলেন কলম। তিনি নিজের লেখা গ্রন্থ নিজে প্রকাশ করে এবং নিজেই দ্বারে দ্বারে ঘুরে বিক্রি করে এক অনন্য ইতিহাস রচনা করে গেছেন। ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর তার সর্বকনিষ্ঠ সন্তান সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তিনি তিন সন্তানের শোকে আমৃত্যু খালি পায়ে ছিলেন। তিনি নিজের প্রচেষ্টায় ১৮টি গ্রন্থ প্রকাশ করেছিলেন।

রমা চৌধুরীর এই জীবনসংগ্রাম দেশে-বিদেশে অনেকের কাছেই গবেষণার বিষয় হয়ে ওঠে। অদম্য মানসিক প্রজ্ঞায় তিনি সব লোভ-লালসার ঊর্ধ্বে উঠে এক স্বকীয় ইতিহাস রচনা করে গেছেন। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে যান রমা চৌধুরী। অস্বচ্ছল জীবনযাপনকারী রমা চৌধুরী প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতার প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন।

রমা চৌধুরী মরণোত্তর ‘বেগম রোকেয়া পদক’ সহ বেশকিছু সম্মাননা ও পদক পেয়েছেন। দীর্ঘ রোগভোগের পর ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রমা চৌধুরী।