ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৪:০১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ম্যান বুকার পুরস্কার পেলেন দুই লেখিকা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বহু বছর পর রেকর্ড ভেঙ্গে যৌথভাবে ম্যান বুকার পুরস্কার পেলেন কানাডিয়ান লেখিকা মার্গারেট অ্যাটউড ও ব্রিটিশ লেখিকা বার্নার্ডাইন এভারিস্টো। সোমবার (১৪ অক্টোবর) বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন বুকার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন কর্তৃপক্ষ। মার্গারেট ‘এ হ্যান্ডমেইডস টেল’-এর সিক্যুয়েল ‘দ্য টেস্টামেন্টস’ ও এভারিস্টো তার ‘গার্ল, ওম্যান, আদার’-উপন্যাসের জন্য এ পুরস্কার জিতেছেন।

জানা গেছে, ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এ বছর বিজয়ী হিসেবে দুইজনের নাম বেছে নেয় বুকার কর্তৃপক্ষ। বুকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল, এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে দেওয়া হবে না। কিন্তু, এবছর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন বিচারকরা।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক পরিচালক গ্যাবি উড বলেন, বুকারের বিচারকরা টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সংক্ষিপ্ত তালকায় থাকা জনপ্রিয় বইগুলো নিয়ে আলাপ-আলোচনা করে বুঝতে পারেন, এর মধ্য থেকে একজন বিজয়ী বের করা অসম্ভব।

বুকার পুরস্কারের ওয়েবসাইটের তথ্যমতে, এর আগে মাত্র দু’বার বুকার পুরস্কার ভাগাভাগির ঘটনা ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন।

শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। তাছাড়া, ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী। আর বার্নার্ডাইন এভারিস্টো হচ্ছেন বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী। দুই বিজয়ী পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৫৩ লাখ ৬৪ হাজার টাকা প্রায়) ভাগাভাগি করে নেবেন।

-জেডসি