ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২:১৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাতভর সংঘর্ষের পর ঢা.বি. এখন শান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৯ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার

রাতভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তাল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন অনেকটাই শান্ত। রাতভর সংঘর্ষে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। কখনও আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ আবার কখনও পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ছে কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা। উভয়পক্ষে আহত হন অনেকে।

 

ক্যাম্পাসে বিভিন্ন স্থানে আগুন দিয়ে চলে শিক্ষার্থীদের প্রতিবাদ। একইসাথে চলে কোটা সংস্কার চেয়ে স্লোগান। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর দফায় দফায় পুলিশের সঙ্গে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে। টিয়ার শেল, জলকামান ও লাঠিপেটা করে পুলিশ বারবার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে আবারও তারা জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শাহবাগ থানার সামনে থেকে টিএসসি পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

 

থেমে থেমে চলে সংঘর্ষ। হামলা থেকে রেহাই পায়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনও। সেখানে ব্যাপক ভাঙচুর ও তছনছ চালানো হয়।

 

এরমাঝেই শিক্ষার্থীদের শান্ত করতে ক্যাম্পাসে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আন্দোলনকারীদের সাথে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন তিনি। জানান, এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী দলের সাধারণ সম্পাদককে পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

 

গণমাধ্যম কর্মীদের মাধ্যমে শিক্ষার্থীদের হলে ফেরত যাওয়ার আহ্বান জানানো হয়। এর কিছুক্ষণ পরই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

 

আন্দোলনে একাত্মতা জানিয়ে রোকেয়াসহ অন্যান্য হল থেকেও বেরিয়ে আসে ছাত্রীরা। তারা অবস্থান নেয় টিএসসিতে। সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ ছাত্রীদের। আহতদের হাসপাতালে নেয়ারও সুযোগ হয়নি।

 

রাতভর এই সংঘর্ষে আহত হয় পুলিশসহ অনেক শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

 

এর আগে রোববার পূর্ব ঘোষিত গণপদযাত্রা কর্মসূচি পালন শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে প্রায় সাড়ে ৪ ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

এই বিভাগের জনপ্রিয়