ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ১৪:৪০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্তান জন্মের পর শারীরিক ওজন বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এসব সমালোচনা নিয়ে বিচলিত নন তিনি। বরং জীবনের এই বিশেষ সময়টা উপভোগ করতে চান এই অভিনেত্রী। তার মতে, মানুষের পরিবর্তনশীল মতামতের কারণে জীবনের আনন্দময় মুহূর্তগুলো নষ্ট হতে দেওয়া উচিত নয়।

সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব, শরীরের পরিবর্তন ও নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা।

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ক্যাটরিনার এক বছর বয়সী ছেলে ভিহান। গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের আয়োজিত গণেশ চতুর্থীর অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সন্তান জন্মের পর সেটিই ছিল জনসমক্ষে তার প্রথম দিকের উপস্থিতিগুলোর একটি। অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দম্পতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ক্যাটরিনার শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। একপর্যায়ে ওজন বৃদ্ধি নিয়ে ট্রলের মুখে পড়েন তিনি।

সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরের মধ্য দিয়ে কী ধরনের পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। তার পরও কেউ যদি সেই পরিবর্তিত শরীরকে নেতিবাচক দৃষ্টিতে দেখতে চান, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

অভিনেত্রীর ভাষায়, ‘সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে কী পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, সেটি তার ব্যক্তিগত পছন্দ। তথ্যের অভাবকে এর জন্য দায়ী করা যায় না, কারণ এ বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। আমি শুধু জীবনের এই সুন্দর সময় এবং সামনে এগিয়ে যাওয়ার পথের দিকে মনোযোগ দিতে চাই।’

বিতর্কের পর প্রথম দিকের মন্তব্যে ক্যাটরিনা আরও বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের পরিবর্তনশীল মতামতের বাতাস আমাদের এদিক-ওদিক ঠেলে নিয়ে যেতে চায়।’

সন্তান জন্মের পর আগের শারীরিক গঠনে দ্রুত ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যাটরিনা। তার কাছে বিষয়টি কেবল ওজন কমিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার নয়, বরং জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করার।

‘আগের অবস্থায় ফিরে যাওয়া? কোথা থেকে ফিরে যাব?’ এমন প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি আমার হৃদয়ের গভীরে থাকা একটি আকাঙ্ক্ষার দিকে এক ধাপ এগিয়েছি। তাহলে আবার পেছনে ফিরতে চাইব কেন?’

সন্তান জন্মের পরের অনুভূতির কথা জানিয়ে ক্যাটরিনা বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর প্রথম কয়েক দিন ভিহানের মুখের দিকে তাকিয়ে থাকা এবং উপলব্ধি করা যে আমার ও ভিকির চার বছরের যাত্রা আমাদের এই মুহূর্তে এনে দিয়েছে, তা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়।’

নিজের ফিটনেস নিয়ে সচেতন ক্যাটরিনা। তিনি বলেন, শরীর যখন সবচেয়ে বেশি কর্মক্ষম ও প্রাণবন্ত বোধ করে, সেই অবস্থায় ফিরতে চান তিনি। তবে তাড়াহুড়ো করে নয়, নিজের গতিতেই সেই লক্ষ্যে পৌঁছাবেন।

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তনের কারণে সমালোচনার মুখে পড়া বলিউড তারকাদের মধ্যে ক্যাটরিনা একা নন। অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও দীর্ঘদিন ধরে এ ধরনের মন্তব্যের মুখোমুখি হয়েছেন। তার মেয়ে আরাধ্যার বয়স ১৪ বছর। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার লালগালিচায় উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে।

শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

তবে তারকাদের শরীর নিয়ে অযৌক্তিক প্রত্যাশার বিরুদ্ধে বলিউডের অনেকেই সরব হয়েছেন। মাধুরী দীক্ষিত, সালমান খান, মৃণাল ঠাকুর ও পরিণীতি চোপড়াসহ একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত চর্চার সমালোচনা করেছেন।

মাতৃত্বের পর শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং অন্যের মন্তব্যের চেয়ে নিজের সুস্থতাকে গুরুত্ব দেওয়ার যে বার্তা ক্যাটরিনা দিয়েছেন, তা নিয়ে এখন আলোচনা চলছে।

সূত্র: সিয়াসাত