ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পুরো এলাকায় এক ধরনের নীরবতা দেখা গেছে। নিরাপত্তাজনিত উদ্বেগে অনেক যাত্রী এই রুট এড়িয়ে চলছেন।

আজ শনিবার সকালে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি সারি সারি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। তবে কাকরাইল, শাহবাগ বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কোনো ব্যারিকেড বসানো হয়নি।

সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় এ এলাকায় যানবাহন ও পথচারীর সংখ্যা কম দেখা গেছে। বাংলামোটরগামী পথচারী আব্দুর রাজ্জাক বলেন, গতকাল এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করতে আতঙ্ক লাগে। ঘুরপথে যেতে সময় বেশি লাগে, তাই বাধ্য হয়েই এই রাস্তা ব্যবহার করছি। 

শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে, পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইট-পাটকেল ছোড়ে।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষুব্ধ লোকজন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধা দেওয়া হয়।