ঢাকা, শনিবার ১০, অক্টোবর ২০২৬ ৫:৩১:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রামে অটোরিকশাচালক গ্রেপ্তার শান্তিতে নোবেল পেলেন অধিকারকর্মী নাভানেথেম পিল্লাই বছরে ৫০০ কোটির বেশি ঘাটতি, ঘুরে দাঁড়াতে পারবে কি ডাক বিভাগ টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা, একাদশে আছেন যারা শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল ফ্রান্স, থামছে না বিক্ষোভ সারাদেশে বৃষ্টির আভাস, রাতে তাপমাত্রা কমতে পারে

শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৯ অক্টোবর ২০২৬ শুক্রবার

খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।

শুধু সহশিক্ষা কার্যক্রম নয়, একাডেমিক শিক্ষার মান উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে—এমন আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে এমন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যার সুনাম দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে।  

মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নাচ, গান, ফ্যাশন শো ও আলোচনাসভার মধ্য দিয়ে এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, সহশিক্ষা কার্যক্রমে তাদের প্রতিভা ও পারদর্শিতা প্রশংসনীয়। তবে এর পাশাপাশি পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তাঁর বাবা, প্রয়াত শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর জীবনসংগ্রাম এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলার ইতিহাস নতুন শিক্ষার্থীদের জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান আফরোজা খানম রিতা। তিনি বলেন, তাঁর বাবার অবদান ও শিক্ষার গুরুত্বই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হবে এবং মানিকগঞ্জের সুনাম বাড়াবে। মানিকগঞ্জের বাইরের বিভিন্ন জেলা থেকেও শিক্ষার্থীরা এখানে পড়তে আসে উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সুনাম ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা কর্মকর্তার উদ্দেশে মন্ত্রী প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং উচ্চশিক্ষার পথে তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।