ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

সড়কে নারীসহ প্রাণ হারালেন ১০ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন।কক্সবাজারের চকরিয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ ও গাইবান্ধা জেলায় মঙ্গলবার রাতের বিভিন্ন সময় এই সব দুর্ঘটনা ঘটে।প্রতিনিধিদের পাঠানো খবরে এই তথ্য জানা গেছে।

কক্সবাজার
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে নারীসহ চারজন নিহত হন। আহত হয়েছেন বাসটির ২৫ যাত্রী।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি বাস। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে যানটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হন।

নিহতদের মধ্যে ঝর্ণা বেগম নামে এক নারী যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা

রাত ১টার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন বাসের ১০ যাত্রী।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দিন জানান, রাত একটার দিকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রাম জগন্নাথদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ফোরলেনের ডিভাইডারের ওপর উঠে যায়। এই সময় এনা পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থনেই কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়।নিহতদের নামপরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্য, চৌদ্দগ্রাম থানার পুলিশ সদস্য এবং দমকল বাহিনীর সদস্যরা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

লক্ষ্মীপুর
গতকাল রাতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রহিম নামে মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই মানিক হোসেন। নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজেলার লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ভাই বাইকে করে লাহারকান্দি থেকে মান্দারি যাচ্ছিলেন। যাদৈয়া এলাকায় আসার পর একটি গাড়িকে পাশ কাটাতে গেলে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মানিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মুন্সীগঞ্জ
রাত ১১টার দিকে জেলার মুক্তারপুর সেতুর টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় মো. সুমন নামে বাইক আরোহী এক যুবক নিহত হয়েছেন। সুমন নারায়ণগঞ্জের চর সৈয়দপুর গ্রামের মো. জলিলের ছেলে। তিনি ডক ইয়ার্ডের শ্রমিকের কাজ করতেন।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

গাইবান্ধা
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে সড়কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার সাতারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম (৪৫) ও তার ছেলে স্থানীয় ইউনিক কিন্ডার গার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মাহি (১০)।

মমিনুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্দা গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের প্রফেসরপাড়ায় বসবাস করতেন।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, পলাশবাড়ী শহরের দিকে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে বাবা-ছেলের মৃত্যু হয়।

-জেডসি