ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৩:৪১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

হলি আর্টিজান হামলার দুই বছর আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৫ পিএম, ২ জুলাই ২০১৮ সোমবার

হলি আর্টিজানে হামলার দ্বিতীয় বছর পূর্ণ হলো আজ রোববার। ঠিক দুই বছর আগে ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িতে অবস্থিত রেস্তোরায় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০ থেকে ৩৫ জনকে জিম্মি করে রাখে। পরদিন শনিবার সকালে রেস্তোরায় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

 


এ ছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।

 

এ উপলক্ষে গতকাল থেকেই ছিল নানা প্রস্তুতি। কাঠের টেবিলের ওপর সাদা কাপড় জড়িয়ে বানানো হয় বেদি। আজ রোববার সকাল ৮টারও আগে খুলে দেওয়া হয় হলি আর্টিজানে প্রবেশের প্রধান গেট। আর সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় হলি আর্টিজানের আশপাশের এলাকায়। ছিলেন র‌্যাব, ডিবি, পুলিশ, সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

নিহতদের স্মরণে শ্রদ্ধা : হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন তিন দেশের প্রতিনিধি, সরকার দলীয় নেতা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হলি আর্টিজান ভবনের সামনের দেয়ালে বানানো অস্থায়ী বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জাপানের রাষ্ট্রদূত। এরপর সকাল সাড়ে ৯টার দিকে আসেন ইতালি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সকাল ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ নেতারা শ্রদ্ধা জানান।

 


এরপর শ্রদ্ধা জানান নিহত ছয় ইতালি নাগরিকের সহকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা সরকার করে না। তারপরও সরকার সতর্ক অবস্থানে আছে। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে এবং বাংলাদেশকে কলঙ্কিত না করে।’

 

এদিকে সকাল সাড়ে ১০টায় বনানী থানা চত্বরে হলি আর্টিজান হামলায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে দৃপ্ত শপথ নামে একটি ভাস্কর্য উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন ওই হামলায় নিহত বনানী থানার সাবেক ওসি সালাউদ্দিন খানের স্ত্রী।

 


মামলার আদ্যোপান্ত : মামলা তদন্ত সংশ্লিষ্ট পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) সূত্রে জানা গেছে, দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন বা চার্জশিট (অভিযোগপত্র) চূড়ান্ত করা হয়েছে। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দি থেকে হলি আর্টিজান বেকারিতে হামলার আদ্যোপান্ত জানতে পেরেছে সিটিটিসি। ওই হামলায় তামিম ও সরোয়ার জাহান মানিকসহ ২২ জঙ্গির জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিটিটিসি ইউনিট। এই ২২ জনের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে। হামলার পর প্যারা কমান্ডোদের অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামীহ মোবাশ্বীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে অভিযানে নিহত হন আবু রায়হান তারেক। ওই বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযানে নিহত হয় তামিম আহমেদ চৌধুরী। পরে রাজধানীর রূপনগরে মেজর (অব.) জাহিদুল ইসলাম, আজিমপুরে তানভীর কাদেরী, আশুলিয়ায় সরোয়ার জাহান মানিক, মোহাম্মদপুর বেড়িবাঁধে নূরুল ইসলাম মারজান নিহত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযানে নিহত হয় বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান।



গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৭ জঙ্গি। তারা হলেন- রাকিবুল হাসান রিগ্যান, পরিকল্পনাকারী রাজীব গান্ধী, হাদিসুর রহমান সাগর, অস্ত্র সরবরাহকারী মিজানুর রহমান ওরফে বড় মিজান, পৃষ্ঠপোষক আকরাম হোসেন নিলয়, সংগঠক সোহেল মাহফুজ ও রাশেদুল ইসলাম র‌্যাশ। এদের মধ্যে পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত খালিদ ও রিপন ভারতে পালিয়ে আছে বলে তদন্তকারীদের ধারণা।

 


এ মামলায় কানাডার টরেন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হাসিব খান, তার বান্ধবী ফাইরুজ মালিহা, তাহানা তাসমিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টির সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজাউল করিমের স্ত্রী শারমিনা করিম, ভারতীয় নাগরিক সাত প্রকাশ, জাপানি নাগরিকের গাড়ি চালক আব্দুর রাজ্জাক রানা, হলি আর্টিজানের নিরাপত্তা কর্মী জসিম, হলি আর্টিজান বেকারীর কর্মচারী শাহরিয়ার, সহকারী কুক আকাশ খান, ওয়েটার লাজারুস সরেন, সুমন রেজা, সবুজ, শিশির, সুহিন ও সমীর বাড়ৈ প্রত্যক্ষদর্শী হিসাবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

 


হলি আর্টিজানে হামলার চার্জশিট দাখিল : ২৮ জুন, বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান ,আগামী ১০ দিনের মধ্যে হলি আর্টিজান হামলার চার্জশিট প্রদান করা হবে।

 


আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত কর্মকর্তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করেছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি যে, আগামী এক সপ্তাহ অথবা ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারব। দায়সারা গোছের একটি অভিযোগপত্র যদি দেই, তাহলে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করবে; তখন তার জবাব সাক্ষ্য-প্রমাণ কিন্তু আমাদের দিতে হবে। না হলে আদালত বিশ্বাস করবে না।’

 

ডিএমপি কমিশনার বলেন, ‘এই ঘটনার সঙ্গে যারা অভিযানে অংশ নিয়েছিল, হামলার বিভিন্ন পর্যায় যাদের সংশ্লিষ্টতা ছিল; তাদের সকলকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি তদন্ত করতে গিয়ে আমাদের অফিসাররা অনেক তথ্য পেয়েছে। হঠাৎ করেই হত্যাকাণ্ডটি ঘটেনি। এর জন্য আগে থেকেই পরিকল্পনা ছিল।’

 

বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন টেকনোলজি ও বিশেষজ্ঞের মতামত নিয়ে সাক্ষ্য প্রমাণাদিসহ অভিযোগপত্র দাখিল করব; যাতে এ ধরনের জঘন্য ঘটনায় কোনো অপরাধী ছাড়া না পায়। ভবিষ্যতে এটি যেন একটি দৃষ্টান্ত হয়ে থাকে, যে বাংলাদেশে এ ধরনের ঘটনা আর চলবে না। আর কেউ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কোনো নিরীহ ব্যক্তি যাতে সন্দেহবশত, আন্দাজবশত হয়রানি শিকার না হয়। সে বিষয়টিও আমরা খেয়াল রেখেছি।’

 

যাদের চিহ্নিত করা হয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় মিলেছে কি না- এমন প্রশ্নের উত্তরে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা আমরা এই মুহূর্তে বলতে চাই না, কারণ যখন আমরা অভিযোগপত্র দেব; তখন ধাপে ধাপে বিষয়টি জানতে পারবেন। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করে সন্ত্রাস বা জঙ্গিবাদের মাধ্যমে সহিংসতা তৈরি করতে চায়, তারা কিন্তু সবাই একই আদর্শে উদ্ভুদ্ধ। তারাই কাজটি করেছে। তবে এর পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কি না, তা সময় সাপেক্ষ বিষয়।’

 

তদন্তাধীন বিষয় জনসমক্ষে ফাঁস করা যায় না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘একটি মামলা যখন তদন্তাধীন থাকে, তখন আদালত ছাড়া তদন্ত কর্মকর্তাকে কোনো ধরনের আদেশ বা নির্দেশ দেওয়া যায় না বা তদন্তাধীন বিষয়কে ফাঁসও করা যায় না। তাতে প্রকৃত অপরাধীরা ছাড়া পেতে পারে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ন্যায় বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তবে কাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হবে তা জেনে নেবেন। আর এই মুহুর্তে যেহুত বিষয়টি তদন্তের শেষ পর্যায় রয়েছে, এ কারণে প্রকৃত সংখ্যা ও নামগুলো ন্যায়বিচারের স্বার্থে না বলাটা সমীচীন হবে।’



হলি আর্টিজান ভবনের এখনের চিত্র : রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কে পুরাতন হলি আর্টিজান বেকারির প্রবেশ মুখে রোড ব্লকের বক্স রাখা হয়েছে। পাশেই লেক ভিউ ক্লিনিকের প্রবেশ পথ লোহার মোটা পাইপ দিয়ে আটকে রাখা হয়েছে। সেখানে দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী জানান, এখনতো হলি আর্টিজান ভবনে মানুষ বসবাস করে। হলি আর্টিজানের মালিকের গাড়ি চালক আব্দুল মান্নানের কাছ থেকে জানা যায়, ঘটনার পর অনেক কর্মচারি চলে গেছেন। তিনি ছাড়াও ও অনেকে নতুন করে এসেছেন। হামলার পর দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল হলি আর্টিজান। তবে ইদানীং মালিক ও তার স্ত্রী পুরাতন হলি আর্টিজান ভবনে বসবাস শুরু করেছেন। সবুজ লন নেই। নেই টেবিল দিয়ে সাজানো বড় হলঘর। পুরোনো ঠিকানা ছেড়ে ১৫৩/এ, গুলশান নর্থ অ্যাভিনিউতে হলি আর্টিজান বেকারি আবার চালু হয়েছে গত বছরের ১০ জানুয়ারি। র‌্যাংগস আর্কেডের দোতলায় সুপারশপ গরমেট বাজারের একটি অংশে বেকারির কার্যক্রম চলছে।