ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ২২:৩২:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

'কারবালায় আত্মত্যাগ দুঃশাসন থেকে মুক্ত হতে প্রেরণা দেবে'

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৬:০৯ এএম, ১ অক্টোবর ২০১৭ রবিবার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (ফাইল ছবি)

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাণী দিয়েছেন।

খালেদা জিয়া বলেছেন, ‘১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিল এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয়বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তাঁর আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।’

‘অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ন্যায়-নীতি-ন্যায্যতাকে অগ্রাহ্য করে তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী মৃত্যুকে আলিঙ্গন করে লড়াই চালিয়ে গেছেন। কারবালায় ইমাম বাহিনীর আত্মত্যাগ সর্বকালে দেশে দেশে বর্বর দুঃশাসনের কবল থেকে মুক্ত হতে মজলুম মানুষকে প্রেরণা জোগাবে।’

খালেদা জিয়া বলেন, ‘আমি শহীদ হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্যবর্গ এবং কারবালার সব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।’

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে বলেন, ‘হজরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ স্মৃতিবিজড়িত দিন ১০ মহররম আমাদের আজও গভীর দুঃখ ভারাক্রান্ত ও বেদনার্ত করে তোলে। বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়। অসত্য, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে কারবালায় তিনি নিজ পরিবার, ঘনিষ্ঠজন ও অনুচরবৃন্দসহ জালিমের হাতে শহীদ হন। ব্যক্তিগত কোনো অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করতে গিয়ে তাঁর নিজের আত্মত্যাগের ঘটনা সারা দুনিয়ার সকল মজলুমকে প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা জুগিয়ে চলেছে।’

‘আজকের এ দিনে আমি হজরত ইমাম হোসেন (রা.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি ইমাম হোসেন (রা.), তাঁর পরিবার  এবং কারবালার শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি।’ বাণীতে বলেন মির্জা ফখরুল।

এই বিভাগের জনপ্রিয়