ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২৩:৪০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

অফিসে ঢুকে নারী রাজস্ব কর্মকর্তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

নিহত রাজস্ব কর্মকর্তা বিজয়া রেড্ডি।

নিহত রাজস্ব কর্মকর্তা বিজয়া রেড্ডি।

ভারতে অফিসে ঢুকে নারী রাজস্ব কর্মকর্তাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের নাম বিজয়া রেড্ডি। হায়দরাবাদের কাছে তেলঙ্গানার আবদুল্লাপুরমেটের এই ঘটনায় শিউরে উঠেছে সংশ্লিষ্ট মহল। আতঙ্কিত বিজয়ার সহকর্মীরা তার মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন।

আনন্দবাজার পত্রিকা বলছে, বার বার অফিসে ঘুরেও জমির নথিতে গন্ডগোল মেটাতে পারেননি ওই ব্যক্তি। এমনকি, আদালতের নির্দেশের পরেও সুরাহা হয়নি। সেই রাগেই অফিসে ঢুকে ওই কর্মকর্তাকে আগুরে পুড়িয়ে হত্যা করেন সুরেশ মুদিরাজু।

অভিযুক্ত সুরেশ মুদিরাজুও আগুনে গুরুতর জখম হয়েছেন। হায়দরাবাদের কাছে হায়াৎনগরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিজয়াকে বাঁচাতে গিয়ে এক গাড়ির চালকসহ আরও তিন জন অল্প অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরও চিকিৎসা চলছে। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সোমবার দুপুরের দিকে জমির নথিপত্র নিয়ে বিজয়া রেড্ডির অফিসে ঢোকেন অভিযুক্ত সুরেশ। আধ ঘণ্টা পরে দরজা খুলতেই দেখা যায়, গায়ে দাউদাউ করে আগুন জ্বলা অবস্থায় অবস্থায় ঘর থেকে ছুটে বেরিয়ে আসছেন বিজয়া। সঙ্গে সঙ্গে ছুটে যান তার সহকর্মীরা। কম্বল চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টাও করেন তারা। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই বিজয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লুকিয়ে একটি কেরোসিনের বোতল নিয়েই ওই ঘরে ঢুকেছিলেন সুরেশ।

রচাকোণ্ডার পুলিশ কমিশনার মহেশ ভাগবত জানান, অভিযুক্ত সুরেশ মুদিরাজু ৫০ থেকে ৬০ শতাংশ অগ্নিদগ্ধ। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি বলেন, ‘স্বতস্ফূর্ত প্রতিক্রিয়ায় এই কাণ্ড ঘটাননি সুরেশ মুদিরাজু। পরিকল্পনা করেই মৃতের অফিসে এসেছিলেন তিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, অন্য কারও নির্দেশে সুরেশ এই ঘটনা ঘটিয়েছে কি না। কী ভাবে অফিসে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্রাধিকার দিয়ে আমরা এই ঘটনার তদন্ত করব, এবং ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের আর্জি জানাব। আমরা মৃত্যুদণ্ডের আর্জি জানাব আদালতে।’

তিনি জানান, সুরেশের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও দায়ের করা হবে।

এদিকে ঘটনার তীব্র নিন্দা করে তেলঙ্গানার মন্ত্রী সবিতা ইন্দিরা রেড্ডি বলেন, ‘সাধারণ মানুষের বোঝা উচিত, সরকারি কর্মীরা সেবা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। কোনও কর্মী-অফিসারের বিরুদ্ধে কারও কোনও অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে।’

অন্য দিকে স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যা পর্যন্ত বিজয়ার অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।