ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:২২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

এই মুহূর্তে বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

এই মুহূর্তে বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর

এই মুহূর্তে বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর

বাংলাদেশ এই মুহূর্তে করোনাভাইরাসমুক্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গতকাল করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় ব্যক্তির ফলাফলও নেগেটিভ এসেছে। পরবর্তী পরীক্ষা করা হবে ২৪ ঘণ্টা পর। তাই এই মুহূর্তে করোনার উপস্থিতি আছে এ রকম কোনো মানুষ বাংলাদেশে নেই। সুতরাং আমাদের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই।’

এদিকে ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ নম্বর ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।

ইতালি থেকে দেশে ফেরা এসব যাত্রীর বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ইতালির বিভিন্ন জায়গা থেকে দেশে ফেরা ১৪২ জনের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জেনে ও দরকারি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে প্রাথমিকভাবে কারও দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহের কোয়ারেনটাইনে রাখা হবে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের বিষয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন আগেই সেরে উঠেছেন। সর্বশেষ বাকি একজনের নমুনা পরীক্ষা করেও করোনাভাইরাস নেগেটিভ এসেছে। আরেকবার পরীক্ষার পর নেগেটিভ এলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘স্কুল-কলেজ বন্ধের বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’

পরিস্থিতি বিচার-বিশ্লেষণে স্কুল-কলেজ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক।