ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৬:২৩:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

কুরআন ছুঁইয়ে শপথ নিলেন বাংলাদেশি কাউন্সিলওম্যান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র কুরআনে হাত রেখে শপথ নিলেন নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশি আমেরিকান মুসলিম কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে তিনিই প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত নারী। গত ২৮ ডিসেম্বর পবিত্র কুরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন। গত ২ নভেম্বর অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ থেকে বিপুল ভোটে বিজয়ী হন।

১৬২৫ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্ক সিটি কাউন্সিলের ইতিহাসে তিনিই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম কাউন্সিলওম্যান। আর মাত্র একদিন পর ১ জানুয়ারি থেকে তার কার্যকাল শুরু হবে। শপথ নেওয়ার সময় তার পিতা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, মা রেহানা বেগম, তার ক্যাম্পেইন অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মহামারির কারণে অনুষ্ঠানের আয়োজন ছিল সীমিত। কর্মদিবসের প্রতি ঘণ্টায় একজন করে কাউন্সিল মেম্বার শপথ নিয়েছেন। সে হিসেবে শাহানা হানিফের শপথ নেওয়ার জন্য নির্ধারিত সময় ছিল ২৮ ডিসেম্বর সোমবার বিকেল ৩টা। এর কিছু আগে শাহানা হানিফ তার মা-বাবাকে নিয়ে সিটি হলে পৌঁছেন এবং স্পিকারের একজন প্রতিনিধি তাকে শপথ পাঠ করান। তিনি বাড়ি থেকে যে কুরআন হাতে নিয়ে গিয়েছিলেন সেটি স্পর্শ করেই শপথবাক্য উচ্চারণ করেন। শপথের সময় তার মা কুরআন শরীফ ধরে রেখেছিলেন।

উল্লেখ্য, গত জুন মাসে ডেমোক্রেটিক প্রাইমারিতে নির্বাচিত হওয়ার পরই সিটি কাউন্সিলে তার ইতিহাস সৃষ্টির সূচনা ঘটে, যা গত ২ নভেম্বর মঙ্গলবার আনুষ্ঠানিক নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়। নিউইয়র্কে বাংলাদেশিদের তিন প্রজন্মের অভিবাসনে মূলধারার রাজনীতিতে প্রথম সাফল্য হিসেবে দেখা হচ্ছে শাহানা হানিফের বিজয়। শাহানা হানিফ সিটি কাউন্সিলে ব্রুকলিনের ৩৯ ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করবেন সিটি কাউন্সিলে।

নারীর ক্ষমতায়ন এবং নারীদের বিভিন্ন কাজে আরও বেশি করে এগিয়ে যাওয়াকে বেগবান করতে চান শাহানা হানিফ। ব্রুকলিনের মিশ্র জনগোষ্ঠীর এলাকায় শাহানা হানিফ কর্মজীবীসহ সর্বস্তরের লোকজনের ব্যাপক সমর্থন পেয়েছেন। একজন অভিবাসী পরিবারের নারী হিসেবে লক্ষ্য স্থির করে শাহানা হানিফ তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন।

শাহানা হানিফ চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ হানিফের কন্যা। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের নাজিরহাটের পূর্ব ফরহাদাবাদে। শাহানার বিজয়ের মাধ্যমে নিউইয়র্কে বাংলাদেশিদের নতুন যাত্রা সূচিত হয়েছে। শাহানা হানিফের বিজয় নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস সংবাদ পরিবেশন করে। টাইমসের প্রতিবেদনে প্রথম একজন মুসলমান নারীর নিউইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হওয়া নিউইয়র্ক সিটির ইমিগ্রান্ট কমিউনিটির ক্ষমতায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকার রাখবে বলে উল্লেখ করা হয়।