ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১২:২০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩ রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

কোটা সংস্কার আন্দোলন, হামলার শিকার ছাত্রীরাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৯ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ সোমবার হামলার ঘটনা ঘটেছে। আজকের এ হামলা থেকে নিস্তার পাননি ছাত্রীরাও। আজ সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

 

 

ছাত্রীরাও ক্রোধের রোষানলের শিকার হন। এ ব্যাপারে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফর নাহার মিলা এবং লুবনা কাঁদতে কাঁদতে অভিযোগ করে বলেন, প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে, মারধর করেছে। আমাদের গায়েও হাত দিয়েছে। মেয়েদেরও তারা লাথি-ঘুষি মেরেছে। একজন মেয়ের মাথাও ফেটে গেছে। তারপরও কেউ তাদের ঠেকাতে আসে নাই। 

 

হামলাকারীরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বেশ কিছু কলেজের ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তবে মারধরের কথা অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সানি।

 


ছাত্রীদের ওপর নিপীড়নের ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী। আজ সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে এমন প্রশ্নে প্রক্টর বলেন, কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেবো।

 

এদিকে,সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন আছে জানিয়ে তিনি বলেন, ‘এতে জটিলতা আছে, একটু সময় লাগবে।’

 

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

 

কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে সচিব আরও বলেন, ‘এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো আসেনি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। আমরা সেই আলোকে কার্যক্রম নেব।’

 

কবে শেষ হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।’

 

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী। তাদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কোনো ধরনের কোটাই আর রাখা হবে না বলে জানালেও সরকারি প্রজ্ঞাপন না আসায় নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।