ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:০৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ লাভ করে। স্বাধীনতার পর একটি দল দেশের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতে বিভিন্ন আইন প্রণয়ন করে এবং বাকশাল প্রতিষ্ঠা করে। এতে দেশ অন্ধকারে নিমজ্জিত হয় এবং একটি স্বাধীন জাতির বিকশিত হওয়ার আকাঙ্ক্ষা ধ্বংস হয়। পরবর্তী সময়ে জাতি আবার নতুন করে পথের দিশা পায়। এরপর বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি। এরপরও গণতান্ত্রিক চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। প্রতিটি গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে ৭ নভেম্বরের আদর্শ জড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বারবার বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। ২০২৪ সালের পরাজিত শক্তি বারবার ক্ষমতায় থেকে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ২০২৪ সালের আন্দোলনের পেছনেও ৭ নভেম্বরের চেতনা কাজ করেছে বলে দাবি করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল বোমা ফাটানো হচ্ছে। তার অভিযোগ, পাশের দেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের অর্থায়নে দুষ্কৃতকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। জনগণ তাদেরও প্রতিহত করবে। ফ্যাসিস্টদের আবার নিজেদের আঙিনায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা হলে জনগণ তা ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সব অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করবে বলেও জানান রুহুল কবির রিজভী।