ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৩:৪২:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে মমতার দিকে আঙুল অপর্ণার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার

কলকাতার জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে মমতার দিকে আঙুল তুলে আজ শুক্রবার মুখ খুললেন টালিউজের বিখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন। আরএসএস সদস্যের পরিবারের এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ‘আমাদের লজ্জা’— মুখ্যমন্ত্রীর উদ্দেশে টুইটারে এ কথাই লিখেছেন তিনি।

গত মঙ্গলবার অর্থাৎ দশমীর দিন জিয়াগঞ্জে নিজের বাড়িতে খুন হন প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল। তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং শিশুপুত্রকেও খুন করা হয়। বিষয়টি নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র আগেই টুইট করেছিলেন। মুখ খুলেছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। বৃহস্পতিবার আরও একটি খুনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। ফেসবুকে তিনি লেখেন, ‘‘নদিয়ায় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় নামে এক হিন্দু পুরোহিত তথা বিজেপি কর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। গত ৪ দিনে ৮ জনকে খুন করা হল। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা এখন একটা দুঃখজনক রসিকতা।’’ এতেই থামেননি বাবুল। নাম না করে বাংলার বিদ্বজনদেরও নিশানা করেন তিনি। বাবুল লেখেন, ‘‘এই ভয়াবহ খুনগুলোর ক্ষেত্রে তথাকথিত উদারবাদীরা নীরব দর্শকের ভূমিকায় কেন? বাংলার মানুষ প্রতিশোধ নেবেন। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।’’

এর পরে আজই সামনে এল অভিনেতা তথা চলচ্চিত্রকার অপর্ণা সেনের প্রতিবাদ। টুইটারে আজ অপর্ণা লিখলেন, ‘‘আরএসএস সদস্যের অন্তঃসত্বা স্ত্রী এবং শিশুকে হত্যা করা হল আমাদের পশ্চিমবঙ্গে! এই বীভৎস কাজের কারণ যাই হোক, এ আমাদের লজ্জা!’’

টুইটারে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে অপর্ণা লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মহোদয়া! দয়া করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন! রাজনৈতিক মত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সব নাগরিকের দায়িত্ব আপনার। আপনি সবার মুখ্যমন্ত্রী!’’

অপর্ণা সেনের এই টুইট বিজেপির অনেক নেতাকেও চমকে দিয়েছে। বিস্মিত তৃণমূলের একাংশও। তবে তৃণমূলের তরফে এখনও কেউ অপর্ণার টুইট নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

অপর্ণা সেন বরাবরাই তৃণমূলের হয়ে কথা বলেন, এমন কিন্তু নয়। সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে বামেদের বিরুদ্ধে অপর্ণারা অনেকেই পথে নামায় তৃণমূলের সুবিধা হয়েছিল ঠিকই। তাতে অপর্ণারা তৎকালীন শাসকের বিরাগভাজনও হয়েছিলেন। কিন্তু পরে কোনও কোনও ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধেও তাকে মুখ খুলতে দেখা গিয়েছে। তখন তৃণমূল শিবির থেকে তীব্র আক্রমণের শিকার হন।

লোকসভা ভোটের পরে ভাটপাড়া-ব্যারাকপুর অঞ্চলের হিংসা থামাতে তৎপর হন অপর্ণা-সহ বেশ কিছু বিশিষ্ট জন। তাঁরা ভাটপাড়ায় যান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তা নিয়ে একাধিক বার বৈঠক করেন। তার জেরে গেরুয়া শিবিরের রোষানলে পড়েন। অসহিষ্ণুতা এবং গণপ্রহারের বিরুদ্ধে বার বার মুখ খোলা বা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রতিবাদ জানানো— এই সব ইস্যুতেও অপর্ণা সেনরা সম্প্রতি বিজেপির তীব্র আক্রমণের শিকার হচ্ছিলেন। এমন একটা সময়ে আরএসএস সদস্যের গোটা পরিবারকে হত্যা করার ঘটনা নিয়েও অপর্ণা সরব হবেন, বিজেপির অনেক নেতা তেমনটা ভাবতে পারেননি।

পুলিশ এখনও জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক বা সাম্প্রদায়িক যোগ খুঁজে পায়নি। কিন্তু বিজেপি সে কথা মানতে নারাজ।