ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১১:৫৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ এএম, ৩ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একটি চিঠির জন্য দিনের পর দিন অপেক্ষা, প্রিয় মানুষের কণ্ঠ শুনতে এসটিডি বুথে ছুটে যাওয়া, ক্যাসেটে পছন্দের গান রেকর্ড করে উপহার দেওয়া-নব্বইয়ের দশকের প্রেমে এমন ছোট ছোট মুহূর্তই ছিল আনন্দের বড় উপলক্ষ।

যোগাযোগের মাধ্যম সীমিত হলেও অনুভূতি প্রকাশে ছিল না কোনো কমতি। সেই সময়ের প্রেম, আবেগ আর স্মৃতির ঝাঁপি খুলে এবার টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ডিয়ার ৯০’স’। তবে শুধু নস্টালজিয়া নয়, এই ধারাবাহিকের বড় আকর্ষণ অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রথমবারের মতো টেলিভিশনের ধারাবাহিকে দেখা যাবে তাকে।

আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আটে প্রচারিত হবে ধারাবাহিকটি। নব্বইয়ের দশককে গল্পের পটভূমি করে সাজানো হয়েছে এর কাহিনি। সে সময়ের প্রেম, বন্ধুত্ব, স্বপ্ন, অপেক্ষা আর সম্পর্কের নানা সমীকরণ উঠে আসবে এতে। স্মার্টফোন কিংবা সামাজিক মাধ্যমের যুগে দাঁড়িয়ে অতীতের সেই দিনগুলো যেন অন্য এক পৃথিবী। যেখানে একটি চিঠি হাতে পাওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগও হয়ে উঠত বিশেষ স্মৃতি। ‘ডিয়ার ৯০’স’ সেই হারিয়ে যাওয়া সময়ের অনুভূতিগুলোই নতুন করে সামনে আনতে চায়।

সম্প্রতি প্রকাশিত ধারাবাহিকটির প্রোমোতেও রয়েছে নব্বইয়ের দশকের আবহ। গোলাপি শাড়িতে কোয়েল মল্লিককে দেখা গেছে হাসিমুখে পুরোনো দিনের স্মৃতিচারণা করতে। পেছনে বাজছে সেই সময়ের জনপ্রিয় প্রেমের গান। নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত কোয়েল মল্লিক।

তাঁর মতে, নব্বইয়ের দশকের প্রেমে ছিল এক ধরনের সারল্য ও জাদু। অপেক্ষা, ছোট ছোট উপহার কিংবা সামান্য কোনো মুহূর্তও তখন অনেক বড় আনন্দের কারণ হয়ে উঠত। ‘ডিয়ার ৯০’স’-এর গল্প তাঁকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। এমন একটি গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে তাঁর। দর্শকরাও ধারাবাহিকটি দেখতে গিয়ে নিজেদের জীবনের পুরোনো কোনো স্মৃতির সঙ্গে মিল খুঁজে পাবেন বলে আশা করছেন অভিনেত্রী।

সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটিতে কোয়েলের পাশাপাশি অভিনয় করবেন শঙ্খজিৎ সেনগুপ্ত ও অপরাজিতা মুখার্জি।