ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৮:১৬:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিশ্বের অন্যতম বিনিয়োগ গন্তব্য বাংলাদেশ : রাবাব ফাতিমা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৩৭ পিএম, ১৯ মে ২০১৮ শনিবার

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, বর্তমান বিশ্বের অন্যতম বিনিয়োগ গন্তব্য হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী জাপানি ব্যবসায়ীদের জন্য বিরাট বাজার হতে পারে।


বৃহস্পতিবার জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এক সেমিনারে স্বাগত বক্তব্যে একথা বলেন তিনি।
আজ শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, রাষ্ট্রদূত সেমিনার আয়োজনে সহযোগিতা করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জেট্রো, জাইকা ও অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই সেমিনারে অংশগ্রহণ করেন। এর আগে গত ১৫ মে জাপানের ওসাকা শহরেও একটি বিনিয়োগ সেমিনারে তারা যোগ দেন।


সেমিনারে রাষ্ট্রদূত বলেন, জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরো মজবুত করতে ২০১৪ সালে একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে ও শেখ হাসিনা।

 

তিনি জানান, সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে জাপান সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তারা দুই দেশের অর্থনৈতিক ও বন্ধুত্বপ্রতিম সম্পর্ক আরো গভীর করার উপর গুরুত্ব প্রদান করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বর্ণনা দিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান এবং দূতাবাস থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।


সেমিনারের মূল আলোচক বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম তার বক্তব্যে বাংলাদেশকে অন্য যে কোন উন্নত দেশ থেকে নিরাপদ দাবি করেন এবং বাংলাদেশের বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট বর্ণনা করেন।


তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি ও বর্তমান আধুনিক বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা অনস্বীকার্য।

 

বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী জাপানি ব্যবসায়ীদের জন্য বিরাট বাজার হতে পারে উল্লেখ করে তিনি সরকারের ব্যবসা সহজীকরণ নীতি ও প্রণোদনাগুলো সেমিনারে উপস্থিত জাপানি ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। তিনি বাংলাদেশে বিনিয়োগে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেট্রোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাওয়োশি নোগুচি। তিনি জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশের উপর আস্থা রাখার অনুরোধ করেন। এছাড়া পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মুনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ বাংলাদেশের গ্যাস ও এলএনজি বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।


জাইকার পরিচালক আকিতো তাকাহাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাইকার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন এবং বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ বিদ্যমান বলে মন্তব্য করেন। অন্যদিকে জেট্রো ঢাকার প্রতিনিধি তাইকি কোগা তার বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করার কিছু নিয়ম, সুবিধা, সমস্যা ইত্যাদি তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশে ব্যবসার অভিজ্ঞতা বর্ণনা করেন সিবিসি কোম্পানির হিতোশি টয়োটা।


সেমিনার শেষে দুই দেশের ব্যবসায়ী ও প্রতিনিধিগণ নিজেদের মধ্যে নেটওয়ার্কিং ও কুশল বিনিময় করেন। এসময় সেমিনারে অংশগ্রহণ করা কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।