ঢাকা, বুধবার ৩০, সেপ্টেম্বর ২০২৬ ৪:২০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে চড়া ফলের বাজার, নজরদারির আশ্বাস গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, টিকে থাকতে স্কুল ছেড়ে কাজে শিশুরা বিশ্ব হৃদরোগ দিবস: দেশে হৃদরোগে প্রতিদিন প্রায় ৭৭৭ জনের মৃত্যু দেশের বাজারে ফের কমলো সোনার দাম ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ সেমিফাইনালে উঠল বাংলাদেশ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা

শুভ-পায়েলের ‘হ্যাপিলি ম্যারিড’ দেখা যাবে ৮ অক্টোবর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে রহস্য তৈরি করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল। তাদের এমন বার্তা দেখে অনেকেই ভেবেছিলেন, গোপনে হয়তো বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। পরে জানা যায়, বাস্তবের বিয়ে নয়, এটি তাদের নতুন কাজের প্রচারণার অংশ। এবার সেই রহস্যের পুরোটা উন্মোচিত হতে যাচ্ছে পর্দায়।

আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর দিবাগত রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের এই চরকি অরিজিনাল পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।
মুক্তির তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ‘হ্যাপিলি ম্যারিড’। দর্শকদের অনেকে কাজটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। আবার পর্দার ‘হ্যাপিলি ম্যারিড’-এর সূত্র ধরে কেয়া পায়েলের কাছে জানতে চাইছেন, বাস্তব জীবনে কবে বিয়ে করছেন তিনি।

ভক্তদের এমন কৌতূহল ইতিবাচকভাবেই দেখছেন পায়েল। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন ভাগ্যে লেখা থাকবে, তখনই হবে এবং সবাই জানতে পারবেন। তবে, আমার কেন যেন মনে হয়, বিয়েটা আমার হুট করেই হয়ে যাবে।”

আপাতত ব্যক্তিগত জীবনের চেয়ে কাজেই মনোযোগ দিতে চান এই অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন ও ফ্যাশন রানওয়ের ব্যস্ততা শেষ করে অক্টোবরের শুরুতেই দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে তার। সব কাজ সেরে অক্টোবরের শেষ দিকে দেশে ফিরবেন তিনি।

‘হ্যাপিলি ম্যারিড’-এর মাধ্যমে প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করেছেন কেয়া পায়েল। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “কাজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। পরিচালক জাহিদ প্রীতম বেশ বিনয়ী এবং পুরো টিমটাই খুব সহযোগিতাপূর্ণ ছিল।”

সহশিল্পী আরিফিন শুভর প্রশংসাও করেছেন পায়েল। তার ভাষায়, “একজন নায়কের মধ্যে যেসব গুণাবলি ও ব্যক্তিত্ব থাকা উচিত, তার সবই রয়েছে শুভ ভাইয়ের মধ্যে। তিনি যেমন আন্তরিক ও পেশাদার, তেমনই শুটিং সেটে ভীষণ সহযোগিতাপূর্ণ। শুরুতে কিছুটা চিন্তায় থাকলেও কাজ করতে গিয়ে দারুণ লেগেছে।”

নিজের প্রথম ওয়েব ফিল্ম নিয়ে উচ্ছ্বসিত পায়েল। দর্শকদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, “৮ অক্টোবর “হ্যাপিলি ম্যারিড” মুক্তি পাচ্ছে। প্রথম ওয়েব ফিল্ম, আর গল্পটাও চমৎকার। সব মিলিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এবার দর্শকরা একদম ভিন্নধর্মী এক পায়েলকে দেখতে পাবেন। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।”