ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৭:৫৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২৭ জুন ২০২৬ শনিবার

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ

হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন। গত বুধবার ৯৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই অস্কার মনোনীত অভিনেত্রী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিনোদন সাংবাদিক জর্জ পেনাচিও।

অ্যান ব্লিথ ১৯৪৫ সালের কালজয়ী চলচ্চিত্র ‘মিলড্রেড পিয়ার্স’-এ জোন ক্রফোর্ডের বিদ্রোহী ও স্বার্থপর কন্যার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। অসাধারণ সেই অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৯৪৬ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন তিনি।

নিউইয়র্কের মাউন্ট কিসকোতে জন্ম নেওয়া ব্লিথ ছোটবেলা থেকেই থিয়েটার ও অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪১ সালে ব্রডওয়ের নাটক ‘ওয়াচ অন দ্য রাইন’-এর মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৪৪ সালে চলচ্চিত্রে অভিষেক হলেও ‘মিলড্রেড পিয়ার্স’-ই তাকে হলিউডে প্রতিষ্ঠিত করে।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘ব্রুট ফোর্স’ (১৯৪৭), ‘দ্য গ্রেট কারুসো’ (১৯৫১), গ্রেগরি পেকের সঙ্গে ‘দ্য ওয়ার্ল্ড ইন হিজ আর্মস’ (১৯৫২) এবং পল নিউম্যানের বিপরীতে ‘দ্য হেলেন মরগান স্টোরি’ (১৯৫৭)-সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন।

কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অসাধারণ দৃঢ়তার পরিচয় দেন ব্লিথ। ১৯৪৫ সালে বরফে স্লেডিং করতে গিয়ে গুরুতর দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত লাগে। প্রায় দেড় বছর হুইলচেয়ার ও ব্যাক-ব্রেস ব্যবহার করতে হলেও তিনি অভিনয় থেকে সরে দাঁড়াননি।

১৯৫৭ সালের পর বড় পর্দায় উপস্থিতি কমিয়ে দিলেও মঞ্চ ও টেলিভিশনে সক্রিয় ছিলেন তিনি। ‘দ্য সাউন্ড অব মিউজিক’ এবং ‘সাউথ প্যাসিফিক’-এর মতো জনপ্রিয় মিউজিক্যাল প্রযোজনায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।

ব্যক্তিগত জীবনে চিকিৎসক জেমস ম্যাকনাল্টিকে বিয়ে করেছিলেন অ্যান ব্লিথ। ২০০৭ সালে তার স্বামী মারা যান। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তান, ১০ নাতি-নাতনি এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তার মৃত্যুতে হলিউডের স্বর্ণযুগের আরেক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটল। 

ভ্যারাইটি অবলম্বনে