ঢাকা, মঙ্গলবার ২৪, নভেম্বর ২০২৬ ১৯:৩৬:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শ্রমিক চায় ২২ হাজার মুজরি, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ হামে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ১৩৫১ ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বাড়ছে শীতের প্রতাপ ২০৩১ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক চার দেশ শেখ হাসিনা ফিরলেই গ্রেফতার: রয়টার্সকে শামা ওবায়েদ আবারও সোনার দাম বাড়ল, ২ লাখ ছুই ছুই নেপালে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-ভারতসহ পাঁচ দেশ

মিস ইউনিভার্সের ফাইনালে বাংলাদেশি মাহি, রাতে ফাইনাল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার

মাহি

মাহি

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগরেলো কলিসিয়ামে বসবে জমকালো এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া সর্বোচ্চ ১২০ জন প্রতিযোগীর মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি।

প্রথমবারের মতো মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মাহি। প্রস্তুতির জন্য সময় খুব বেশি না পেলেও প্রতিযোগিতার নানা বিষয়ে তাঁকে সহযোগিতা করেছেন সাবেক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। পোশাক নির্বাচন, সাজসজ্জা এবং বিভিন্ন পর্বে নিজেকে উপস্থাপনের বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ৩৫টি পোশাক সঙ্গে নিয়েছেন মাহি।

জাতীয় পোশাক প্রদর্শনীর মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন এই প্রতিযোগী। ২২ নভেম্বর অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে হাজির হন তিনি। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মাতৃত্ব। মা ও সন্তানের চিরন্তন বন্ধনের পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেছেন মাহি।

কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেছেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। পোশাকের পেছনে যুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে একজন নারীর শৈশব, মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতির পাশাপাশি নারীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভোটের হিসাবেও ভালো অবস্থানে রয়েছেন মাহি। সাপ্তাহিক ভোটে তিনি ছিলেন শীর্ষে এবং মোট ভোটের হিসাবে তৃতীয় স্থানে। দর্শকদের ভোটের মাধ্যমে সেরা ৩০-এ সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে প্রতিযোগীদের।

মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয় ২০১৯ সালে। প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সামিরা খান মাহিকে ঘিরে।

পুয়ের্তো রিকোর স্থানীয় সময় আজ রাত ৮টায় শুরু হবে গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৭টায় দেখা যাবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।

এবারের আসর উপস্থাপনা করবেন মারিও লোপেজ ও ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতার নেপথ্যের খবর তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস এবং উপস্থাপক জুরি হল।

**যেভাবে দেখবেন প্রতিযোগিতা**

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর সকাল ৭টা) শুরু হবে গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টেলিমুন্দো ও রিলজ টেলিভিশন চ্যানেল। অনলাইনে পিকক প্ল্যাটফর্মেও দেখা যাবে প্রতিযোগিতাটি।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রাথমিক প্রতিযোগিতা। এটি সম্প্রচার করা হবে টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।