ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১১:৩২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) লটারি কর্মসূচির নিবন্ধন আবার চালুর নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন শুরু করতে হবে। নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু রাখার নির্দেশও রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসনবিষয়ক আইন পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের ১৬ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ অর্থবছরের ডিভি লটারি কর্মসূচি চালুর বিষয়ে আদালত এ নির্দেশ দিয়েছেন। নির্বাচিত আবেদনকারীদের ৩ ডিসেম্বরের মধ্যে অবহিত করার সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। তবে আদালতের নির্দেশ থাকলেও নিবন্ধনের চূড়ান্ত সময়সূচি ও বিস্তারিত নিয়মের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ।

 

এবারের ডিভি লটারিতে বাংলাদেশ অংশ নিতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশের পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এর আগে ২০১২ সাল থেকে বাংলাদেশিরা ডিভি লটারিতে অংশ নেওয়ার সুযোগ হারান। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসন করায় দেশটি কর্মসূচিটির যোগ্য দেশের তালিকা থেকে বাদ পড়ে। সাধারণত যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে তুলনামূলক কমসংখ্যক মানুষ অভিবাসন করেন, সেসব দেশের নাগরিকদের জন্য এ কর্মসূচির মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করা হয়।

তাই নিবন্ধন শুরুর খবর প্রকাশিত হলেও বাংলাদেশি আবেদনকারীদের যোগ্যতা নিশ্চিত ধরে নেওয়া যাবে না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত দেশের তালিকা ও নির্দেশনা যাচাই করতে হবে।

ডিভি লটারিতে নিবন্ধন করতে কোনো ফি লাগে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নিবন্ধনের সময়সীমার বাইরে আবেদন গ্রহণ করা হয় না এবং একই ব্যক্তির একাধিক আবেদন জমা পড়লে তা বাতিল হতে পারে।

এ ছাড়া অর্থের বিনিময়ে লটারিতে নির্বাচিত করে দেওয়া বা গ্রিন কার্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচিত হওয়ার তথ্য যাচাইয়ের একমাত্র সরকারি মাধ্যম হলো যুক্তরাষ্ট্রের ডিভি কর্মসূচির ওয়েবসাইট।

।

আবেদনের আগে নিবন্ধন শুরুর তারিখ, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় তথ্য ও ছবি জমা দেওয়ার নিয়ম সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।