ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৯:৫২:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

চট্টগ্রামে বিয়ের মেলায় তরুণ-তরুণীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিয়ের জন্য পাত্রপাত্রী পছন্দ, বিয়ের আয়োজন, ইভেন্ট প্ল্যানিং থেকে শুরু করে হানিমুন এবং দাম্পত্য জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের আয়োজন একই ছাদের নিচে। এই আয়োজন নিয়ে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু’র মেজবান হলে চলছে তিন দিনের বিয়ের মেলা। শুক্রবার (১২ নভেম্বর) ছুটির দিনে মেলায় দর্শনার্থীদের ভিড় লেগে ছিলো। 

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা ঘুরে দেখা যায়, শত শত তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের সমাগম। কেউ আগামীতে বিয়ের পরিকল্পনা করছেন কিংবা কেউ সহসা বিয়ে করবেন— এমন তরুণ-তরুণীরাই বেশি মেলায় এসেছেন। অনেক অভিভাবকও এসেছেন তাদের ছেলে বা মেয়ের বিয়ের আয়োজনে কী, কী করবেন, কত টাকা খরচ হবে— এস বিষয় জানতে। 


 
নগরীর চাঁন্দগাঁও আবাসিক এলাকা থেকে মেলায় আসা ইশফা তারান্নুম  জানান, পরিবার থেকে বিয়ের কথাবার্তা চলছে। তাই আগাম অভিজ্ঞতা নিতে মেলায় আসা। কেমন ইভেন্ট করা যায়, কত টাকা খরচ হতে পারে, ইভেন্টে কী কী থাকতে পারে, সব কিছুরই সমাধান এই বিয়ের মেলায় পাওয়া যাচ্ছে।  

আগ্রাবাদ এলাকা থেকে আসা ব্যাংকার আফসার উদ্দিন জানান, দু’-এক মাসের মধ্যে মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন। তাই ইভেন্ট সম্পর্কে এবং খরচ কেমন হতে পারে তার ধারণা নিতে এসেছেন। এই মেলায় মোটামুটি সবই রয়েছে বলে জানান তিনি।

ম্যারেজ সল্যুশন বিডি নামের একটি ম্যাচ মেকিং প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাখাওয়াত হোসেন শুভ জানান, তারা ইবাদত ও সেবামূলক কাজ হিসেবে ম্যাচ মেকিং-এর দায়িত্ব পালন করেন। গতানুগতিক ঘটক বা প্রতারণামূলক ম্যারেজ মিডিয়ার ধারণা পাল্টে দিয়ে সুখী-সুন্দর দাম্পত্য সম্পর্ক তৈরি করতে বিয়ে মেলায় অংশ নিয়েছে ম্যারেজ সল্যুশন। মেলায় তারা ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।  


চট্টগ্রামের বড় ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান ইভেন্টিভ চিটাগাং-এর কর্ণধার কাজী জয়নাল জানান, একটি পরিপূর্ণ বিয়ে আয়োজনের সব কিছু নিয়ে তারা এই মেলায় অংশ নিয়েছেন। কনভেনশন হল থেকে শুরু করে রাজকীয় বিয়ে আয়োজনের সব কিছু রয়েছে তাদের ইভেন্টে। মেলায় ব্যাপক সাড়া মিলছে বলে জানান কাজী জয়নাল। 
 
বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে চট্টগ্রাম রেডিসন ব্লুর মেজবান হলে ভায়োলেট ইনকর্পোরেশনের উদ্যোগে এবং এমএন্ডএম বিজনেস কমিউনিকেশনের সহযোগিতায় ৫ম বারের মতো এই ওয়েডিং এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।