ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৩:৪৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

দাবানলে আটকে পড়াদের উদ্ধারে অস্ট্রেলিয়ার নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অস্ট্রেলিয়ার দাবানল কবলিত শহর মাল্লাকোটায় আটকাপড়া হাজার হাজার মানুষকে উদ্ধারে এবার অভিযান শুরু করেছে দেশটির নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ এইচএমএএস চউলস একবারে আটশো মানুষ উদ্ধার করতে পারবে বলে আশা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা সমন্বয় করছে নিরাপত্তা বাহিনী। আগ্রহীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে জাহাজে চড়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে শুরু হওয়া দাবানল সম্প্রতি ভয়াবহ আকার ধারন করেছে। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের এই দাবানল শহরের দিকে এগিয়ে আসতে শুরু করেছে। গত বছর ৩০ ডিসেম্বর ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মাল্লাকোটা শহরের দিকে আগুন এগিয়ে আসতে থাকলে সড়ক বন্ধ হয়ে যায়। উপকূলীয় শহরটিতে আটকা পড়ে প্রায় ৪ হাজার বাসিন্দা ও পর্যটক। অনেকেই আবার পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলসের দিকে পালিয়ে যায়। সেখানেও চলছে জরুরি অবস্থা।

চলতি মৌসুমের দাবানলে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে ১৭ জন। পুড়ে গেছে এক হাজার দুইশোরও বেশি ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তীব্র সমালোচনার মুখে রয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার দাবানল কবলিত নিউ সাউথ ওয়েলসের কোবারগো শহরে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে সফর সংক্ষিপ্ত করে ফিরে যেতে বাধ্য হন।

দাবানল তীব্র হতে শুরু করায় স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা থেকে সপ্তাহব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রিমিয়ার গ্লাডিস ব্রেজিকলিয়ান। কয়েকটি শহর বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিত্যপণ্যের সরবরাহও কমে আসছে। হাজার হাজার মানুষ এরইমধ্যে অঙ্গরাজ্যটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়েছে। সপ্তাহজুড়ে উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের পূর্বাভাস রয়েছে। ফলে ‘অগ্নি বিপদ মারাত্মক’ আকার নিতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

-জেডসি