ঢাকা, রবিবার ২৩, আগস্ট ২০২৬ ৫:২৪:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জবির ছাত্রী হলে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা হামে ৯২৮ শিশুর মৃত্যু: প্রাদুর্ভাব থাকবে আরও কয়েক মাস বাজারে মাছের দামে আগুন, মুরগি-ডিমের দাম ও চড়া মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রাণ ফিরছে বুড়িগঙ্গা চ্যানেলে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩২ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিনের দখল ও আবর্জনায় নাব্য হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল সেকশন ব্রিজসংলগ্ন দূরানী খাল এলাকায় আদি বুড়িগঙ্গা চ্যানেলের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যৌথভাবে এ কার্যক্রম শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে একে আগের পরিবেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় চ্যানেলটি পরিষ্কার, নাব্য ফিরিয়ে আনা এবং দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

প্রসঙ্গত, ঢাকার প্রাচীন জলাধারগুলোর অন্যতম আদি বুড়িগঙ্গা চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার। এর প্রায় ১ হাজার ফুট অংশ দূরানী ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত। দীর্ঘদিন দখল ও বর্জ্য ফেলার কারণে চ্যানেলটির বিভিন্ন অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্গন্ধ, মশার উপদ্রব ও জলাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ে।
 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হওয়ার পর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি চ্যানেলের দুই পাশে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। জনসাধারণের চলাচল ও অবসর সময় কাটানোর সুযোগ তৈরি করতে নির্মাণ করা হবে ওয়াকওয়ে। ফলে একদিকে জলাধারটির পরিবেশগত ভারসাম্য ফিরবে, অন্যদিকে এলাকাটি একটি নান্দনিক ও জনবান্ধব স্থানে পরিণত হবে।