ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১৫:১৯:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!

স্পোর্টস ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিরাট কোহলির ৩৮তম জন্মদিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের ১০টি অবিশ্বাস্য রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের রেকর্ড থেকে দ্রুততম ২৮ হাজার রান, রয়েছে একাধিক ঐতিহাসিক কীর্তি।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর গত ১৮ বছরে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ম্যাচ উইনার হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতে গড়েছেন একের পর এক রেকর্ড। এ কারণে ভক্তদের কাছে তিনি পরিচিত ‘রান মেশিন’ নামে।

১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন তিনি। জন্মদিনের এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের এমন ১০টি রেকর্ড, যা ভাঙা যেকোনো ক্রিকেটারের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে।

১. একদিনের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এখনও পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৫৫টি সেঞ্চুরি। দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন টেন্ডুলকর। তার সেঞ্চুরির সংখ্যা ৪৯। বর্তমান ক্রিকেটে একদিনের ম্যাচের সংখ্যা তুলনামূলক কমে আসায় কোহলির এই রেকর্ডের কাছাকাছি পৌঁছনোও আগামী প্রজন্মের ব্যাটারদের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে পারে।  
২. আইপিএলের এক মৌসুমে সর্বাধিক রান 

আইপিএলের ইতিহাসেও বিরাটের নামের পাশে রয়েছে এক অবিশ্বাস্য রেকর্ড। ২০১৬ সালের আইপিএলে ১৬টি ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন তিনি। এখনও পর্যন্ত আইপিএলের এক মৌসুমে কোনও ব্যাটার এত রান করতে পারেননি। দীর্ঘদিন ধরে অক্ষত রয়েছে কোহলির এই রেকর্ড। এক মৌসুমে প্রায় হাজার রান করার এই নজির ভাঙতে হলে ধারাবাহিকতার পাশাপাশি অসাধারণ ফর্মও প্রয়োজন।

৩. টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল ছাড়াই উইকেট

বিরাট কোহলির এমন একটি রেকর্ড রয়েছে, যা ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত বিরল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল না করেই উইকেট নেওয়ার নজির রয়েছে তার। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কেরিয়ারের প্রথম বলটি ওয়াইড করেছিলেন কোহলি। সেই বলেই বড় শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন কেভিন পিটারসন। সুযোগ বুঝে তাকে স্টাম্পড করেন উইকেটকিপার। এ ভাবেই কোনও বৈধ বল না করেই উইকেটের সঙ্গে জড়িয়ে যায় কোহলির নাম।

৪. আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা

আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। দীর্ঘ কেরিয়ারে একাধিক মৌসুম পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি বদল করেননি তিনি। আইপিএলের ইতিহাসে একই দলের হয়ে এত দীর্ঘ সময় খেলার নজির বিশেষ উল্লেখযোগ্য। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো তারকারা আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কোহলি শুরু থেকে আরসিবির সঙ্গেই রয়েছেন।

৫. দ্রুততম ১০ হাজার একদিনের আন্তর্জাতিক রান

একদিনের ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার রেকর্ডও রয়েছে কোহলির দখলে। মাত্র ২০৫টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনি। তুলনায় সচিন টেন্ডুলকর ১০ হাজার রান পূর্ণ করতে নিয়েছিলেন ২৫৯টি ইনিংস। অর্থাৎ সচিনের তুলনায় ৫৪টি ইনিংস কম খেলেই এই নজির গড়েছিলেন কোহলি। তার ধারাবাহিকতা এবং রান করার ক্ষমতার অন্যতম বড় প্রমাণ এই রেকর্ড। 
৬. টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিক দুইশো রান  

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক দুইশো রান করার নজির রয়েছে বিরাট কোহলির। ভারতের সাবেক অধিনায়ক হিসেবে মোট সাতটি দুইশো রান করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার দখলে। তার ঝুলিতে ছিল পাঁচটি দুইশো রান। সেই রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি করেন কোহলি। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার এই কৃতিত্ব ভবিষ্যতে ছোঁয়া সহজ হবে না। 

৭. একটি দলের বিরুদ্ধে সর্বাধিক একদিনের সেঞ্চুরি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে এতগুলি শতরান করার নজির অত্যন্ত বিরল। দীর্ঘদিন ধরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকভাবে রান করে যাওয়ার ক্ষমতাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। 

৮. আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার

আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতার ক্ষেত্রেও কোহলি বাকিদের থেকে এগিয়ে। তার ঝুলিতে রয়েছে মোট ২২টি প্লেয়ার অফ দ্য সিরিজের সম্মান। দীর্ঘ কেরিয়ারে টেস্ট, একদিনের এবং টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই সাফল্য পেয়েছেন তিনি। 

৯. ৩০০-র বেশি রান তাড়া করতে নেমে সর্বাধিক শতরান

কোহলিকে কেন ‘চেজ মাস্টার’ বলা হয়, তার অন্যতম প্রমাণ এই পরিসংখ্যান। একদিনের ক্রিকেটে ৩০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোট নয়টি সেঞ্চুরি করেছেন তিনি। রান তাড়া করার সময় চাপের মুখে তার ব্যাটিং দক্ষতা এবং ম্যাচ শেষ করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।   

১০. দ্রুততম ২৮ হাজার আন্তর্জাতিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করার রেকর্ডও রয়েছে বিরাট কোহলির নামে। মাত্র ৬২৪টি ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল সচিন টেন্ডুলকরের দখলে। ৬৪৪টি ইনিংসে ২৮ হাজার রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। সচিনের তুলনায় ২০টি ইনিংস কম খেলেই এই নজির গড়েছেন কোহলি। ব্যাট হাতে তার ধারাবাহিকতার আরও একটি বড় প্রমাণ এই রেকর্ড।