ঢাকা, শুক্রবার ১১, সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭ ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষিত শহরের তালিকায় ২৩তম কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাত্র ২২ বছরেই থামল ‘মিস অস্ট্রিয়া’র জীবন লঘুচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত নারী এশিয়া কাপ টি-২০: বাংলাদেশের মিশন শেষ বাজারে কিছু পণ্যে স্বস্তি, মাছ-তেল-সবজিতে অস্বস্তি শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

রুশ ড্রোন হামলা, ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরের একটি জনবহুল শপিং মলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশু রয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, দিনের ব্যস্ত সময়ে যখন রাস্তায় বিপুলসংখ্যক মানুষ চলাচল করছিলেন, তখনই শপিং মলটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলার পর সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকান ও যানবাহন সম্পূর্ণ পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, হামলায় আহত ৬৭ জনের মধ্যে আটজন শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ চালানো হয়।

হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করেন, শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করেই রাশিয়া এ হামলা চালিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘ব্ল্যাকমেইল বা জোর জবরদস্তির কৌশল’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে ইউক্রেনকে চাপের মুখে ফেলার চেষ্টা করছে মস্কো।

পাবলোহরাদের হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন চলতি সপ্তাহেই ইউক্রেনের আরও কয়েকটি বাণিজ্যিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সুমি শহরের একটি শপিং মলে ড্রোন হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন। এর আগে সোমবার ঝাপোরিজিয়া শহরের একটি শপিং মল বিমান হামলায় প্রায় ধ্বংস হয়ে যায়।

গত মাসেও ক্রিভি রিহ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছিলেন।

তবে ইউক্রেনের পাশাপাশি রাশিয়াতেও ইউক্রেনীয় হামলার খবর পাওয়া গেছে। কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচিতে ইউক্রেনের সামুদ্রিক ড্রোন হামলায় দুটি শিশুসহ ২৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।

এ ছাড়া বেলগোরোদ অঞ্চলের নোভি ওস্কোল শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। রুশ-নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়া অঞ্চলেও হামলার খবর দিয়েছে রাশিয়া। সেখানে ১৫ বছর বয়সী এক কিশোরী ও এক ট্রাকচালক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলছে। দীর্ঘ এই যুদ্ধে দুই দেশের সামরিক স্থাপনার পাশাপাশি বারবার বেসামরিক এলাকা ও অবকাঠামোও হামলার শিকার হচ্ছে। এতে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও চলছে। গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতরা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তবে নতুন করে শান্তি প্রতিষ্ঠার এই প্রচেষ্টা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ফল বয়ে আনেনি। বরং পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধের ভয়াবহতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়