ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:০৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, বছরের পর বছর পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী মৌলিক ইংরেজি দক্ষতা অর্জন করতে পারছে না, যা দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় দুর্বলতা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, একজন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা শেষ করার পরও কেন সাবলীলভাবে ইংরেজি পড়তে পারে না, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। একইভাবে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীও শুদ্ধভাবে ইংরেজিতে কথা বলতে বা লিখতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বর্তমানে বিভিন্ন বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এর আগে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পড়া, লেখা ও বলার মৌলিক দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন। তাঁর মতে, এই ভিত্তি শক্তিশালী হলে দেশের তরুণরা দেশ-বিদেশে কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।

শিক্ষা প্রসঙ্গের পাশাপাশি প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বাজেটের রাজস্ব আহরণ, ঋণনির্ভরতা, বিনিয়োগ পরিস্থিতি এবং ব্যাংক খাতের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই তা অর্জন করা সম্ভব হয় না।

বাজেটের বাস্তবতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি উদাহরণ দেন। রুমিন বলেন, একজন সংসদ সদস্য যদি কেবল বৈধ আয়ের ওপর নির্ভর করেন, তাহলে তার পক্ষে রাজধানীতে বিশাল প্রাসাদোপম বাড়ি নির্মাণ করা সম্ভব নয়। একইভাবে রাজস্ব আদায়ের বাস্তব সক্ষমতা বিবেচনা না করে বড় বাজেট ঘোষণা করলে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে।

তবে বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে চাল, ডালসহ প্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা শিক্ষা খাতে দক্ষতা উন্নয়ন, বাস্তবমুখী পরিকল্পনা এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কেবল পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন নিশ্চিত করাই হওয়া উচিত শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য।