ঢাকা, মঙ্গলবার ১০, মার্চ ২০২৬ ২০:০২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্প-পুতিনের ঘণ্টাব্যাপী ফোনালাপ, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা’ পেলেন পাঁচ গুণী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রেফতারকারীদের বিষয়ে ভারতের কাছে তথ্য চাওয়া হয়েছে উইমেন’স এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা’ পেলেন পাঁচ গুণী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

নারী উন্নয়নে অবদানের জন্য পাঁচজন গুণী নারীকে ‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— নাবেগাহ্ দোরদানা, জাহেদা খানম, বদরুন্নেছা সরকার, লায়ন ইয়াসমিন শাহাদাত ও কানিজ ফাতেমা। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ, ডক্টর তাওহিদা রহমান ইরিন, জান্নাতুল ফেরদৌস ঐশি ও মন জানালার সহ–প্রতিষ্ঠাতা হাসিবুল করিম।

রাজধানীর ধানমন্ডির প্যারাগন কনভেনশন সেন্টারে (৭ মার্চ) ‘সাহস আর সমর্থন নিয়ে সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে নারীদের নিয়ে কাজ করা সংগঠন মন জানালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডা. তাওহিদা রহমান ইরিন, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, চলচ্চিত্র অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী, মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ, মন জানালার সহ–প্রতিষ্ঠাতা হাসিবুল করিম প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মন জানালার আয়োজনে নারীর আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও নিজেকে যত্ন নেওয়ার গুরুত্বের কথা তুলে ধরে অতিথিরা এ কথা বলেন। মূলত ৪০ উর্ধ্ব নারীদের নিয়ে কাজ করে এই সংগঠন। ‘গিইভ টু গেইন’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের দেড় শতাধিক নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশগ্রহণ করেন। বিকেল ৩টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমি হতাশায় বিশ্বাসী না। আমাদের নারীরা যে হতাশায় বিশ্বাসী এটা আমি মানি না। কারণ, আমি আমার ভাগ্য নিয়েই এসেছি। আমরা কেউ জানি না কার ভাগ্যে কী আছে। তাই আমাকে এগিয়ে যেতেই হবে আমার নিজের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য।’

রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডা. তাওহিদা রহমান ইরিন ৪০ উর্ধ্ব নারীদের একে অন্যের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা অনেক সময় শরীরকে খুব শক্ত মনে করি। ভাবি — একটু কম ঘুমালে কিছু হবে না, সমস্যা নেই, পানি কম খেলেও শরীর তো চলছে! কিন্তু সত্যিটা হলো—শরীরকে শাস্তি দিলে সে চুপ থাকে না। আজ না হোক, একদিন সে হিসাব নেবে। যখন নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নেতৃত্বের সুযোগ দেওয়া হয়, তখন তারা শুধু নিজেরাই উন্নতি করে না—বরং তাদের পরিবার, অর্থনীতি এবং পুরো দেশও শক্তিশালী ও সমৃদ্ধ হয়!

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নিজের কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, “নারীরাই নারীদের প্রতিদ্বন্দ্বী। সব জায়গায় নারীদের সাথেই আমার লড়তে হয়েছে। আমি কখনো সেটা মুখে উত্তর দিইনি, আমি আমার কাজে প্রমাণ করেছি। আমার কাছে মনে হয় যে ‘ইগনোর’ একটা বিষয় আছে, যেটা অনেক বড় শাস্তি। আপনাকে একজন অনেক কথা বলে গেল, আপনি চুপ করে থাকলেন, একটা টাইমের পরে কিন্তু সে আর কথা বলবে না।”

চলচ্চিত্র অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছিলেন তাঁর মাকে নিয়ে। এই অভিনেত্রী বলেন, আমি আপনাদের বয়সে পৌঁছাইনি; কিন্তু আপনারা প্রত্যেকে এক একটা জার্নি কমপ্লিট করে এখানে বসে আছেন। আপনারা সে সময়ে কথা বলেছেন যখন মেয়েদের কথা বলা অতটা সহজ ছিল না। আপনারা সে সময়ে অনেকে কাজ করেছেন যখন মেয়েদের পড়াশোনা করার অনুমতি খুব একটা ছিল না। আমাদের প্রত্যেকের কোনো না কোনো ট্রমা আছে। তার মানে এটাও না যে আপনার ট্রমা আপনি নিজের মধ্যে চেপে রেখে নিজেকে শেষ করে দেবেন।

মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ বলেন, নারীর মানসিক মুক্তি সবার আগে দরকার। মানসিক মুক্তি মিললেই নারী স্বাবলম্বী হবে, তার অর্থনৈতিক মুক্তি মিলবে।’

অনুষ্ঠান সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি ও ইস্পাহানি। শেষে সবাই ইফতার ও ডিনারে অংশগ্রহণ করেন।